পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
বরিশাল

গৌরনদীর বাটাজোর এলাকায় গাছের চারা হাতে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
গৌরনদীর বাটাজোর এলাকায় গাছের চারা হাতে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (১৩ জুলাই) বরিশালের গৌরনদীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

প্রধানমন্ত্রী বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না। একটি শিশুকে যেমন যত্নে বড় করে তুলতে হয়, তেমনি প্রতিটি চারারও পরিচর্যা নিশ্চিত করতে হবে। কারণ, আজ যে গাছ লাগানো হচ্ছে, ভবিষ্যতে সেই গাছের ছায়া, অক্সিজেন ও অন্যান্য সুফল ভোগ করবে এ দেশের মানুষ।

গাছ রোপণ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
গাছ রোপণ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

তিনি বলেন, সরকার আগামী পাঁচ বছরে দেশের চারপাশ সবুজ চাদরে ঢেকে দিতে ২৫ কোটি বৃক্ষ রোপণের পরিকল্পনা নিয়েছে। এই কর্মসূচি বাস্তবায়নে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণও জরুরি। মানুষের সহযোগিতা ছাড়া এত বড় কর্মসূচি সফল করা সম্ভব হবে না।

পরিবেশ সংরক্ষণে নাগরিক দায়িত্বের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের মালিক জনগণ। তাই নিজের ঘরের মতো দেশকেও পরিচ্ছন্ন রাখতে হবে।

যত্রতত্র প্লাস্টিক ও আবর্জনা ফেলায় খাল-বিল ও জলাধার ভরাট হচ্ছে, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা বাড়ছে এবং পরিবেশের ক্ষতি হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিদেশের পরিচ্ছন্ন শহর দেখে আমরা প্রশংসা করি। কিন্তু সেসব দেশ পরিচ্ছন্ন রাখে সেখানকার মানুষই। বাংলাদেশকেও পরিচ্ছন্ন রাখতে হলে প্রতিটি নাগরিককে দায়িত্বশীল হতে হবে।

ব্যক্তিগত অভ্যাসের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, ব্যবহৃত টিস্যু বা ছোটখাটো বর্জ্য তিনি সঙ্গে সঙ্গে রাস্তায় ফেলেন না; নির্দিষ্ট ডাস্টবিনে ফেলার জন্য নিজের কাছেই রাখেন। সবাই এমন অভ্যাস গড়ে তুললে দেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সহজ হবে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত