পানিতে ডোবা মোটর পরীক্ষা করতে গিয়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ১০: ৩৫
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

বৃষ্টির পানিতে ডুবে থাকা পানির মোটর পরীক্ষা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রেজাউল করিম (৬২) নামে বাংলাদেশ ব্যাংকের এক সাবেক কর্মকর্তার মৃত্যু হয়েছে। রোববার (১২ জুলাই) রাতে রাজধানীর শনির আখড়ায় এ দুর্ঘটনা ঘটে।

রেজাউল করিম মেহেরপুরের গাংনী উপজেলার ভ্রমরদা গ্রামের মৃত কাজিমুদ্দিন বিশ্বাসের ছেলে। শনির আখড়ায় নিজ বাড়িতে সপরিবারে থাকতেন। তিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক অ্যাডিশনাল ডিরেক্টর (অতিরিক্ত পরিচালক) ছিলেন।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রথমে তাঁকে স্থানীয় ইম্পেরিয়াল রয়েল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে অন্য একটি হাসপাতালে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

রেজাউল করিমের ভায়রা ভাই মোহাম্মদ বাকী জানান, রাতে বৃষ্টির পানিতে ডুবে থাকা পানি উঠানোর মোটর পরীক্ষা করতে যান রেজাউল করিম। মোটরটি আগে থেকেই বিদ্যুতায়িত ছিল। সেটি স্পর্শ করতেই তিনি অচেতন হয়ে পড়েন। বাসার এক ভাড়াটিয়ার মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

Ad 300x250

সম্পর্কিত