
দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রীর সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। শেরেবাংলা নগর থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা শামসুদ্দোহা সরকার এই রিমান্ড চান।
সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে এর শুনানি হওয়ার কথা রয়েছে।
এর আগে দুপুর আড়াইটার দিকে কড়া নিরাপত্তায় পুলিশের গাড়িতে আসামিদের আদালতে আনা হয় বলে নিশ্চিত করেছেন হাজতখানার ইনচার্জ এসআই মোর্শেদ আলম।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত লাশ উদ্ধার হয়। ফ্ল্যাটটি গাজী নজরুলের। তিনি এই ফ্ল্যাটে তাঁর প্রথম ও দ্বিতীয় স্ত্রীকে নিয়ে থাকতেন।
ওইদিন রাতে মরিয়মের বাবা মাসুম বিল্লাহ রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগম ও নিহতের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে।
সোমবার সকালে শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম জানান, মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধারের মামলায় গাজী নজরুল ইসলাম ও মাকসুদা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।
.png)
-3f0d26.jpeg)






