কিছু না কিনেও কেনাকাটার আনন্দ পেতে চান? ‘উইন্ডো শপিং’ করে আসুন
পকেট ফাঁকা, কিন্তু শপিংয়ের ইচ্ছা দারুণ? কোনো সমস্যা নেই। কিছু না কিনেও দোকানে ঢুকুন, নতুন কালেকশন দেখুন, দাম জিজ্ঞেস করুন, পছন্দের জিনিসের ছবি তুলুন। ব্যাগ থাকবে খালি, কিন্তু মনটা হয়ে যাবে হালকা। এই বিনা খরচের কেনাকাটার আনন্দের নাম ‘উইন্ডো শপিং’। তবে মনের আনন্দের সঙ্গে যেন বাড়তি খরচ না জোটে, সেটাও মনে রাখতে হবে।

মন মেজাজ ভালো নেই। কোনো কাজে মনোযোগ দিতে পারছি না। একটু শপিং করে যে মন ভালো করবো, সবসময় সেই উপায় থাকে না। পকেটে গড়ের মাঠ। কিন্তু চিন্তা কী? কেনাকাটা না করলেও দেখতে তো পারি।
নেই কাজ তো খই ভাজ। চলে যাই বড় বড় শপিং মলগুলোতে, দেখি কী কী কালেকশন এসেছে। আবার কখনও নিউ মার্কেটের অলিগলি ধরে সারি সারি জুয়েলারির দোকান বা জামা-কাপড়ের দোকানে ঢুঁ মারি। কোনো কিছু পছন্দ হলে আবার দামও জিজ্ঞেস করি। কিন্তু কিছু না কিনেই বাড়ি ফিরতে হয়।
তবে তাতে মন খারাপ হয় না। বরং মন খারাপ ভাবটা কেটে যায়। আমার মতো আরও অনেকেই হয়তো এভাবে ‘উইন্ডো শপিং’ করেছেন। যেখানে মনে মনে ব্যাগ ভর্তি করে ঘরে ফিরি ঠিকই, কিন্তু বাস্তবে হাত থাকে শূন্য। চলুন দেখি, এই ‘উইন্ডো শপিং’ আসলে কী।
উইন্ডো শপিংয়ের শুরুটা যেভাবে
সহজভাবে বললে, কোনো দোকান বা শপিং মলে গিয়ে বিভিন্ন পণ্য দেখা, সেগুলোর ডিজাইন ও দাম সম্পর্কে ধারণা নেওয়া, কিন্তু সেগুলো না কেনাকেই বলা হয় উইন্ডো শপিং। নামটির সঙ্গে ‘উইন্ডো’ বা জানালার সম্পর্কও বেশ সরাসরি। দোকানের কাচের জানালার ভেতর সুন্দর করে পণ্য সাজিয়ে রাখা হতো, যাতে পথ দিয়ে যাওয়া মানুষ বাইরে থেকেই সেগুলো দেখতে পারতেন। সেখান থেকেই ‘উইন্ডো শপিং’ কথাটির প্রচলন।
আগে বিষয়টি মূলত দোকানের কাচের জানালায় সাজানো পোশাক বা অন্যান্য পণ্য দেখার মধ্যেই সীমাবদ্ধ ছিল। সময়ের সঙ্গে দোকানের ধরন বদলেছে, এসেছে বড় বড় শপিং মল, ব্র্যান্ডের আউটলেট আর নানা ধরনের পণ্যের বিশাল প্রদর্শনী। বিশেষ করে তরুণদের মধ্যে বন্ধুদের সঙ্গে শপিং মলে ঘুরে বেড়ানোর প্রবণতা বেশ দেখা যায়। কেউ হয়তো কিনছে, কেউ শুধু দেখছে। কিন্তু দুজনেরই সময়টা ভালো কাটছে।
উইন্ডো শপিং এখন শুধু দোকানে গিয়ে পণ্য দেখার মধ্যেই সীমাবদ্ধ নেই। অনলাইনে বিভিন্ন শপিং সাইট, ফেসবুক পেজ বা সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক পণ্যের ছবি, ভিডিও, দাম আর ডিজাইন দেখা আর স্ক্রিনশট নেওয়া, এসবও উইন্ডো শপিংয়ের মতো। যেন কিছুদিন পর টাকা হলেই এসব কিনবেন। কিন্তু ফোনের গ্যালারি জুড়ে আপনার উইন্ডো শপিংয়ের পণ্য জমতে থাকে। শেষ পর্যন্ত সব কেনা হবে না, তা আপনিও জানেন। অনলাইনে এভাবে পণ্য দেখাও উইন্ডো শপিংয়ের মতো। মোবাইলের পর্দায় বসেই এখন মানুষ নতুন পোশাক, জুতা, প্রসাধনী, গ্যাজেট কিংবা ঘরের জিনিসপত্র দেখে সময় কাটাতে পারে।
উইন্ডো শপিং কেন ভালো লাগে?
ইন্ডো শপিংয়ের সবচেয়ে বড় আকর্ষণ হলো, এখানে কেনাকাটার আনন্দ পেতে সব সময় টাকা খরচ করতে হয় না। নতুন কিছু দেখা, পছন্দের জিনিস খুঁজে পাওয়া কিংবা বাজারে কী ধরনের নতুন পণ্য এসেছে, তা জানার মধ্যেও আনন্দ আছে।
ধরুন, আপনি কোনো পোশাকের দোকানে ঢুকলেন। চারপাশে নতুন নতুন ডিজাইনের পোশাক সাজানো। হয়তো এখন আপনার নতুন পোশাক কেনার প্রয়োজন নেই। তারপরও কোন ডিজাইন চলছে, কোন রং বেশি দেখা যাচ্ছে, নতুন কালেকশনে কী এসেছে—এসব দেখতে ভালো লাগে। ভবিষ্যতে কেনাকাটা করার সময়ও এই ধারণাগুলো কাজে লাগতে পারে।
অনেকের কাছে আবার এটি বন্ধু বা পরিবারের সঙ্গে সময় কাটানোর উপায়। ছুটির দিনে শপিং মলে ঘুরতে গেলে শুধু কেনাকাটাই উদ্দেশ্য থাকে না। কেউ খাবার খায়, কেউ গল্প করে, কেউ সিনেমা দেখে, আবার কেউ দোকানে দোকানে ঘুরে নতুন পণ্য দেখে। অর্থাৎ শপিং মল অনেকের কাছে শুধু কেনাকাটার জায়গা নয়, বিনোদনের জায়গাও।
উইন্ডো শপিংয়ের আরেকটি দিক হলো কৌতূহল। নতুন কোনো পণ্য দেখলে সেটি সম্পর্কে জানতে ইচ্ছা করে। দাম কত, কোথায় পাওয়া যাচ্ছে, অন্য দোকানে এর চেয়ে কম দামে পাওয়া যাবে কি না—এসব নিয়েও ভাবা যায়। কিনতে না পারলেও তথ্যটা জানা হয়ে যায়।
না কিনেও মন ভালো, তবে সাবধান!
সম্ভবত উইন্ডো শপিংয়ের সবচেয়ে বড় সুবিধা হলো, এটি মনকে কিছুক্ষণের জন্য অন্যদিকে ব্যস্ত রাখতে পারে। মন খারাপের সময় একই চিন্তা বারবার মাথায় ঘুরতে থাকে। তখন ঘরে বসে থাকার বদলে একটু বাইরে বের হওয়া, কিংবা নতুন কিছু দেখা ভালো লাগার একটা সুযোগ তৈরি করে। আমরা যখন নতুন কিছু দেখি, তখন মন স্বাভাবিকভাবেই সেদিকে মনোযোগ দেয়। পরিচিত চিন্তা থেকে কিছু সময়ের জন্য মন সরে যায়।
তবে এর উল্টো দিকও আছে। শুধু দেখতে গিয়ে অনেক সময় কেনার ইচ্ছা তৈরি হতে পারে। দোকানের সুন্দর সাজসজ্জা, ছাড়ের অফার কিংবা আকর্ষণীয় পণ্যের প্রদর্শনী দেখে প্রয়োজন না থাকলেও কিছু কিনতে মন চাইতে পারে। তাই উইন্ডো শপিং করতে গিয়ে নিজের বাজেটের কথা মনে রাখা জরুরি। ‘দেখছি’ আর ‘কিনছি’—এই দুটির মধ্যে পার্থক্যটা মনে রাখলেই অপ্রয়োজনীয় খরচ অনেকটা এড়ানো সম্ভব।
.png)








-7be686-256x144.webp)
