বিশ্ববাজারে তেলের দাম সপ্তাহ ব্যবধানে সর্বনিম্ন

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০: ৪৭
জ্বালানি তেল। ছবি: সংগৃহীত
জ্বালানি তেল। ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে এক সপ্তাহের মধ্যে সর্বনিম্নে পৌঁছেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) ব্রেন্ট ক্রুড ফিউচার্স ২ দশমিক ০৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৭১ ডলারে নেমে আসে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ২ দশমিক ১৪ শতাংশ কমে দাঁড়ায় ৯৮ দশমিক ১৫ ডলারে, যা গত ১০ সেপ্টেম্বরের পর থেকে সর্বনিম্ন।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ‘এ সপ্তাহে ইরান যুদ্ধ নিরসনে কূটনৈতিক পথ খুলতে পারে—এমন আশায় তেলের মূল্যের বাড়তি ঝুঁকি কিছুটা কমছে। তবে এই আশা শেষ পর্যন্ত কতটা পূরণ হবে, তা সময়ই বলে দেবে।’

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে এই কূটনৈতিক আশার সঞ্চার হয়েছে। রোববার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন হুমকি বিনিময় হয়। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসা ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাৎ করতে প্রস্তুত। এর আগে ইরানের নিরাপত্তা প্রধান মহসেন রেজাই জানান, আলোচনার লক্ষ্যে মধ্যস্থতাকারীদের কাছে নিজেদের শর্তাবলি ইতোমধ্যে হস্তান্তর করেছে ইরান।

তবে মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনা এখনো কাটেনি। গত শনিবার ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের রাজধানী রিয়াদের সংবেদনশীল স্থান এবং লোহিত সাগরের ইয়ানবুতে আরামকোর প্রধান তেল স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই হামলার পর সৌদির আহ্বানে হুতিদের আক্রমণ থামাতে ভূমিকা রাখতে ইরানের প্রতি অনুরোধ জানায় চীন।

হামলায় পূর্ব-পশ্চিম পাইপলাইনে সমস্যা দেখা দেওয়ায় ইয়ানবুর বদলে হরমুজ দিয়ে তেলের চালান বৃদ্ধি করেছে সৌদি আরামকো। এর ফলে আগস্টে সৌদি আরবের তেল রপ্তানি দৈনিক ২৪ লাখ ব্যারেলে নেমে যাওয়ার পর চলতি সেপ্টেম্বরে তা পুনরায় দৈনিক ৪০ লাখ ব্যারেল ছাড়িয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান জেপিমরগ্যান জানিয়েছে, পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও মধ্যপ্রাচ্যের সামগ্রিক তেল সরবরাহ শক্তিশালী রয়েছে। গত ১০ দিনে এই অঞ্চল থেকে দৈনিক গড়ে ১ কোটি ৭১ লাখ ব্যারেল তেল পরিবাহিত হয়েছে।

স্যাটেলাইট তথ্য অনুযায়ী, হরমুজ দিয়ে গত ছয় দিনে সৌদি আরবের তেল পরিবহন দৈনিক গড়ে ২৯ লাখ ব্যারেলে পৌঁছেছে, যা গত আগস্ট মাসে ছিল মাত্র ৭ লাখ ব্যারেল।

তথ্যসূত্র: রয়টার্স

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত