পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে শিক্ষার্থীকে গুলি করে হত্যা

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
বাগেরহাট

প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ২২: ১৩
কলেজছাত্র আমির হামজা। ছবি: সংগৃহীত
কলেজছাত্র আমির হামজা। ছবি: সংগৃহীত

বাগেরহাটের চিতলমারীতে বাড়িতে ঢুকে কলেজছাত্র আমির হামজাকে (২৩) গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আমির হামজা শিবপুর গ্রামের রুহুল আমিন মুন্সির ছেলে। তিনি খুলনা সরকারি সুন্দরবন কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি খুলনার পপুলার ডায়গনস্টিক সেন্টারে চাকরি করতেন।

নিহতের স্বজন, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ৪টার দিকে বাড়ির উঠানে দাঁড়িয়ে বাবা ও চাচার সঙ্গে কথা বলছিলেন আমির হামজা। এ সময় তিনটি মোটরসাইকেলে একদল যুবক বাড়িতে ঢোকে। তাদের মাথায় হেলমেট ছিল। তারা পুলিশ পরিচয়ে হামজাকে ধাওয়া দেয়। হামজা দৌড়ে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে তিনি পাশের খালের পাড়ে যান। তখন হামলাকারীরা আমির হামজার মাথায় গুলি করে পালিয়ে যায়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশের পাশাপাশি, সিআইডি, পিবিআই ও ডিবি কাজ করছে।

এর আগে গত ১৪ মার্চ রাতে পার্শ্ববর্তী মোল্লাহাট উপজেলা সদর বাজার থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ব্যবসায়ী সোহাগ শেখ (৪২)। ওই ঘটনার ৭ দিন আগে ৭ মার্চ রাতে একই উপজেলার কাহালপুর পশ্চিমপাড়া এলাকায় মহাসড়কের পাশ থেকে ব্যবসায়ী সোহাগের কর্মচারী নূর ইসলামকে (২৭) গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত