দেশজুড়ে বৃষ্টি থাকবে কত দিন? সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশজুড়ে বৃষ্টিপাত হচ্ছে। ছবি: সংগৃহীত
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশজুড়ে বৃষ্টিপাত হচ্ছে। ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশজুড়ে বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস বলছে, আগামী অন্তত পাঁচ দিন সারা দেশে এই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। পরের পাঁচ দিনও বৃষ্টি হতে পারে।

লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত এবং অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে আগামী কয়েক দিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে- টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

বৃষ্টি থাকবে কত দিন?

আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ১২০ ঘণ্টার (পাঁচ দিন) পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দিন দেশের প্রায় সব বিভাগেই কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ মঙ্গলবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

কাল বুধবার রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বাকি বিভাগগুলোর কিছু কিছু জায়গায় বৃষ্টি অব্যাহত থাকবে।

এরপর ৪ ও ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর তাদের বর্ধিত পাঁচ দিনের আবহাওয়া বার্তায় জানিয়েছে, এই সময়ের পরেও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। আগামী অন্তত ১০ দিন দেশের আবহাওয়া পুরোপুরি শুষ্ক হওয়ার সম্ভাবনা কম।

গত ২৪ ঘণ্টার আবহাওয়া পর্যবেক্ষণ ডেটা অনুযায়ী, দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারের টেকনাফে ৬১ মিলিমিটার। এ ছাড়া কক্সবাজারে ৪৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কিশোরগঞ্জের নিকলিতে ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত