সচেতনতা ছাড়া গ্যাস দুর্ঘটনা রোধ সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ১০ মে ২০২৬, ২০: ২১
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

সচেতনতা ছাড়া গ্যাস দুর্ঘটনা রোধ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

রোববার (১০ মে) রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে চিকিৎসাধীন একই পরিবারের ৫ সদস্যকে দেখতে গিয়ে এই মন্তব্য করেন তিনি।

পরিবারটির শারীরিক অবস্থার খোঁজ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘একটি পরিবার শেষ হয়ে যাচ্ছে। যতটুকু জেনেছি, দরজা-জানালা বন্ধ থাকায় ঘরে গ্যাস জমে ছিল। গৃহকর্তা যখনই গ্যাসলাইট দিয়ে আগুন জ্বালিয়েছেন, তখনই ঘরে আগুন ধরে যায়। শিশুসহ পরিবারের পাঁচজনই দগ্ধ হয়েছেন এবং প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক।’

জনসাধারণের উদাসীনতার সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘আমাদের সমাজে অ্যাওয়ারনেস (সচেতনতা) নেই। বহুবার টেলিভিশনে বলা হচ্ছে—সিলিন্ডার বাইরে রাখতে, কিন্তু তাও চুলার নিচেই রেখে দেন।’

বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড রোধে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সিলিন্ডার ঘরের বাইরে রাখুন। নিয়মিত কোম্পানি দিয়ে লিকেজ চেক করান। লাইনের গ্যাসের সংযোগের সময় লিকেজ আছে কি না পরীক্ষা করুন। ঘরে ঢুকে দরজা-জানালা খুলে বাতাস চলাচলের ব্যবস্থা করে চুলা জ্বালাবেন।’

গ্যাস দুর্ঘটনা প্রতিরোধে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সরদার সাখাওয়াত হোসেন বলেন, ‘সচেতনতা বাড়াতে আমরা দুই-এক দিনের মধ্যে আন্তঃমন্ত্রণালয় সভা করব। সরকারের একার পক্ষে দুর্ঘটনা রোধ করা সম্ভব নয়, যদি না মানুষ সচেতন হয়।’

মন্ত্রী আশ্বাস দেন, দগ্ধ রোগীদের চিকিৎসা করা হচ্ছে। আর্থিক সমস্যা হলে সরকার সহযোগিতা করবে।

এদিকে চিকিৎসকরা জানিয়েছেন, শ্বাসনালি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় দগ্ধদের সবাই জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।

সর্বাধিক পঠিত

সম্পর্কিত