পারমাণবিক সুরক্ষা রাষ্ট্রীয় দায়িত্ব: প্রতিরক্ষা উপদেষ্টা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৩ মে ২০২৬, ২৩: ৪৭
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। সংগৃহীত ছবি

পারমাণবিক সুরক্ষাকে শুধু প্রযুক্তিগত নয় বরং এটি জাতীয় নিরাপত্তা, আন্তর্জাতিক অঙ্গীকার ও রাষ্ট্রীয় দায়িত্বের অবিচ্ছেদ্য অংশ বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।

বুধবার (১৩ মে) মিরপুর সেনানিবাসে অবস্থিত মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) আয়োজিত এক বিশেষ বক্তৃতায় তিনি এ কথা বলেন। বুধবার সন্ধ্যায় আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

‘নিউক্লিয়ার সিকিউরিটি: ন্যাশনাল রেসপনসিবিলিটি আন্ডার ইন্টারন্যাশনাল কমিটমেন্ট অ্যান্ড ইটস ইমপ্লিকেশনস অন ন্যাশনাল সিকিউরিটি’ শিরোনামের এই অনুষ্ঠানে এমআইএসটির নিউক্লিয়ার সিকিউরিটি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, বর্তমান বিশ্বে পারমাণবিক স্থাপনা ও প্রযুক্তির সুরক্ষা কোনো একক দেশের অভ্যন্তরীণ বিষয় নয়; বরং এটি বৈশ্বিক নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক আস্থার সঙ্গে সরাসরি সম্পর্কিত। সন্ত্রাসবাদ, সাইবার ঝুঁকি ও জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা এখন পারমাণবিক সুরক্ষার প্রধান বিবেচ্য বিষয়।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকার ওপর জোর দিয়ে তিনি বলেন, রূপপুরের মতো কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষায় উচ্চমানের প্রস্তুতি ও আন্তসংস্থাগুলোর মধ্যে নিবিড় সমন্বয় বজায় রাখা হচ্ছে। এ ধরনের জাতীয় স্থাপনা সুরক্ষায় পেশাদারত্ব ও প্রযুক্তিগত সচেতনতার কোনো বিকল্প নেই।

শান্তিপূর্ণ কাজে পারমাণবিক প্রযুক্তি ব্যবহারে আন্তর্জাতিক মানদণ্ড ও নিরাপত্তা সংস্কৃতি বজায় রাখতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে ড. শামছুল ইসলাম বলেন, পারমাণবিক সুরক্ষা নিশ্চিত করতে সমন্বিত নীতিমালা, দক্ষ জনবল ও কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা অপরিহার্য। এই খাতে গবেষণা, প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে প্রতিরক্ষা উপদেষ্টা এমআইএসটির শিক্ষার্থীদের উদ্ভাবিত রোবটিক্স ও ড্রোনসহ বিভিন্ন প্রযুক্তি প্রকল্প ঘুরে দেখেন। তিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও গবেষণামুখী কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

বিষয়:

উপদেষ্টা

সম্পর্কিত