ধূমপায়ীদের জন্য সুখবর, বাড়ছে না বিড়ির দাম

নারী ও তরুণ উদ্যোক্তা তৈরিতে বাজেটে ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৯ জুন ২০২৬, ১৯: ১৪
সিগারেটের বিজ্ঞাপন। স্ট্রিম ছবি

আগামী বাজেটে বিড়ির দাম বাড়ছে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বাজেটে বিড়ি খাতে মূল্য ও করহার আগের বছরের মতো অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে বিড়ির জন্য বাড়তি টাকা দিতে হবে না।

মঙ্গলবার (৯ জুন) সংসদের বাজেট অধিবেশনে সংরক্ষিত মহিলা আসন-৩ এর সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থমন্ত্রী। হীরা জানতে চান– তামাকজাত পণ্যের ওপর কর বৃদ্ধি, বিশেষ করে বিড়ির খুচরা মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) ও এক শতাংশ স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ বহাল রেখে অতিরিক্ত সম্পূরক শুল্ক আরোপ করা হবে কিনা?

এ সময় অর্থমন্ত্রী নারী ও তরুণ উদ্যোক্তা তৈরিতে বাজেটে ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে বলে জানান। ২০২৫-২৬ অর্থবছরে সংশোধিত বাজেটে স্টার্টআপ তহবিল খাতে ২০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। আসন্ন ২৬-২৭ অর্থবছরের বাজেটে স্টার্টআপ তহবিল, নারী উদ্যোক্তা তৈরি, নারী উন্নয়ন ও তরুণ উদ্যোক্তা তৈরিতে প্রস্তাবিত বরাদ্দ মোট ৪০০ কোটি টাকা।

অধিবেশনে ঢাকা-৪ আসনের সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, নিম্ন ও মধ্য আয়ের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি ও এলাকার অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে বিশেষ উন্নয়ন বরাদ্দ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ ও স্টার্টআপ ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন তহবিল গঠনের পরিকল্পনা এই সরকারের রয়েছে।

তিনি বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সরকার সারা দেশে ক্রমান্বয়ে সুবিধাভোগীর সংখ্যা ও ভাতার পরিমাণ বৃদ্ধি করেছে। নিম্ন ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ অন্যান্য চলমান সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা ও বরাদ্দ আগামী অর্থবছর আরো সম্প্রসারণের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।

উদ্যোক্তারা পাবেন জামানতবিহীন ১০ লাখ ঋণ

নতুন উদ্যোক্তাদের জামানতবিহীন ১০ লাখ এবং জামানত সাপেক্ষে ২৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। সিলেট-৩ আসনের সদস্য আব্দুল মালিকের প্রশ্নে এ কথা জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, ‘বর্তমানে বাংলাদেশ ব্যাংকে তরুণদের জন্য বিনাসুদে কোনো ঋণ প্রকল্প চলমান নেই। তবে সহজ শর্তে এবং স্বল্পসুদে ঋণ বিতরণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে বিভিন্ন পুনরুদ্ধারের স্কিল পরিচালনা করে আসছে। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়নে পরিচালিত কটেজ, মাইক্রো ও ক্ষুদ্রখাতে নতুন উদ্যোক্তা, পুনঃঅর্থায়ন স্কিলের তহবিলের পরিমাণ ১০০ কোটি থেকে বৃদ্ধি করে ৫০০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। এ তহবিল হতে নতুন উদ্যোক্তারা বিনা জামানতে ৭ শতাংশ সুদে সর্বোচ্চ ১০ লাখ এবং জামানত সাপেক্ষে সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবেন।’

কুড়িগ্রাম-৩ আসনের সদস্য মাহবুবুল আলমের সম্পূরক প্রশ্নে আমির খসরু বলেন, সরকারের প্রথম কর্মসূচি হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি। সে উদ্দেশে আমাদের অনেক বড় কর্মসূচি রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে– দক্ষতা বৃদ্ধি। আসলে আমাদের শিক্ষিত বেকার যুবকের সংখ্যা সব থেকে বেশি। এটার কারণ হচ্ছে, আমরা সবাই সাধারণ শিক্ষার দিকে চলে গেছি। আমরা কারিগরি শিক্ষার দিকে মনোযোগী হয়নি।

তিনি আরও বলেন, বর্তমান সরকার কর্মসংস্থান সৃষ্টিতে প্রাথমিকভাবে প্রাধান্য দিচ্ছে স্কিল ডেভেলপমেন্ট এবং সারা দেশে ভোকেশনাল স্কুল সিস্টেমের মাধ্যমে চাকরিকে মাথায় রেখে প্রশিক্ষণ। শুধু প্রশিক্ষণ নয়, এসব প্রতিষ্ঠানের সনদের মাধ্যমে দেশে-বিদেশে উপযুক্ত চাকরির ব্যবস্থা করা হচ্ছে।

সর্বাধিক পঠিত

সম্পর্কিত