
যশোরের শার্শায় ট্রাক ও মোটরসাইকেলের (বাইক) মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১১ মে) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নাভারন-সাতক্ষীরা মহাসড়কের গিলাপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার উলাসী খালপাড়ার সিদ্দিকুর রহমানের ছেলে শাহিন হোসেন (৩৫) ও উলাসী গ্রামের আতিয়ার রহমান গাইনের ছেলে তোফাজ্জেল হোসেন (৪৫)। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
থানার ওসি জানান, সোমবার সকালে শাহিন হোসেন নিজের খেত থেকে কাঁচা মরিচ তুলে বিক্রির জন্য তোফাজ্জেল হোসেনের মোটরসাইকেলে উপজেলার নাভারন বাজারের দিকে যাচ্ছিলেন। পথে গিলাপোল এলাকায় বিপরীত দিক থেকে আসা সাতক্ষীরাগামী একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শাহিন ও তোফাজ্জেল প্রাণ হারান।
ওসি মারুফ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পরই চালক ও তাঁর সহকারী (হেলপার) ট্রাকটি ফেলে পালিয়ে যায়। তাঁদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ। ট্রাকটিকে জব্দ করে থানায় আনা হয়েছে।
.png)






