শাপলা চত্বরে হত্যা মামলায় ‘আসামি হচ্ছেন’ সাবেক আইজিপি চৌধুরী মামুন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সংগৃহীত ছবি

মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের মামলায় আসামি করা হচ্ছে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তে ওই ঘটনায় তাঁর সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

বুধবার (১৫ এপ্রিল) চিফ প্রসিকিউটর সাংবাদিকদের জানান, ২০১৩ সালে শাপলা চত্বরে মহাসমাবেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে দায়ীদের চিহ্নিত করতে স্বতন্ত্র তদন্ত চলছে। ওই হত্যায় তৎকালীন র‍্যাব কর্মকর্তা চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সম্পৃক্ততার তথ্য মিলেছে। আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে তদন্তের পুরো চিত্র পাওয়া যেতে পারে।

আমিনুল ইসলাম আরও বলেন, ‘তদন্তে যার সম্পৃক্ততা পাওয়া যাবে—তিনি বেসামরিক ব্যক্তি, পুলিশ, র‍্যাব বা সেনাবাহিনীর সদস্য যেই হোন না কেন—সবাইকেই বিচারের আওতায় আনা হবে।’

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে দেশজুড়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে আসামি ছিলেন তৎকালীন আইজিপি আসাদুজ্জামান খান কামাল। ওই মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁন কামালের মৃত্যুদণ্ড হলেও রাজসাক্ষী হওয়ায় চৌধুরী মামুনকে পাঁচ বছরের সাজা দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর থেকে তিনি কারাগারে আছেন।

এ বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, কোনো একটি মামলায় রাজসাক্ষী হওয়া মানে এই নয় যে, সংশ্লিষ্ট ব্যক্তি অন্য সব ঘটনায় দায়মুক্তি পাবেন। একটি নির্দিষ্ট ঘটনার জন্য দেওয়া দায়মুক্তি পৃথক ঘটনায় প্রযোজ্য নয়। প্রতিটি ঘটনার ক্ষেত্রে ‘সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি’ আলাদাভাবে বিবেচিত হয়।

এদিকে, গত ৫ এপ্রিল শাপলা চত্বর হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের দিন ছিল। তবে প্রসিকিউশন সময় চেয়ে আবেদন করলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল আগামী ৭ জুন পরবর্তী তারিখ দেন।

এই মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার ছয়জন হলেন– সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক আইজিপি একেএম শহিদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, শাহরিয়ার কবির ও সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল।

সম্পর্কিত