জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

লক্ষ্মীপুরে এমপির নির্দেশে দুই মামলা, চাঁদাবাজিতে গ্রেপ্তার বিএনপির দুই কর্মী

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
লক্ষ্মীপুর

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২০: ৫৬
লক্ষ্মীপুরের রামগতি থানার প্রধান ফটক। সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরের রামগতিতে নবনির্বাচিত সংসদ সদস্যের (এমপি) নির্দেশে চাঁদাবাজি ও হামলার অভিযোগে করা মামলায় বিএনপির দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার চর রমিজ এলাকা থেকে আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, হামলা ও চাঁদা দাবির অভিযোগে বিএনপির নেতারা আলাদা দুইটি মামলা করেছেন। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার বিএনপির দুই কর্মী হলেন মিরাজ উদ্দিন ও তাঁর ভাই রিয়াজ উদ্দিন। তাঁরা চরগোসাই গ্রামের বাসিন্দা।

এর আগে রোববার সকালে রামগতি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন বাদী হয়ে ২৩ জনের নামে এবং উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মমিন উল্লাহ ইরাজ ৩ জনের নামে আলাদা দুটি মামলা করেন। এসব মামলায় আরও ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে কয়েকটি ইটভাটায় গিয়ে মালিকের কাছ থেকে চাঁদা দাবি ও ভাটা শ্রমিকদের মারধর-হামলা চালানোর অভিযোগ ছিল।

লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে বিএনপি দলীয় নবনির্বাচিত এমপি এ বি এম আশরাফ উদ্দিন নিজানের নির্দেশে মামলা করেছেন বলে জানিয়েছেন বাদীরা। রোববার দুপুরের দিকে মামলার এজাহারের কপি ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে এমপি নিজান লেখেন, ‘তারেক রহমানের জিরো টলারেন্স নির্দেশনার পরিপ্রেক্ষিতে রামগতি উপজেলায় দলীয় নির্দেশনা অমান্য করে চাঁদাবাজি ও সহিংসতার অভিযোগে ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে দুটি পৃথক মামলা করা হয়েছে।’

একটি মামলার বাদী ছাত্রদল নেতা মমিন উল্লাহ ইরাজ বলেন, তাঁর করা মামলায় অভিযুক্ত মো. রাব্বি চর আলগী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও মো. রায়হান একই কমিটির সাংগঠনিক সম্পাদক। এছাড়া মো. আশিক একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি।

আরেকটি মামলার উপজেলা বিএনপির নেতা সিরাজ উদ্দিন বলেন, মামলার প্রথম আসামি হাজী বেলাল উদ্দিন চর রমিজ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ৩ নম্বর আসামি শাহরিয়ার হান্না উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি। অন্যান্য অভিযুক্তরা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে মাদক, চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে বক্তব্য রাখেন এ বি এম আশরাফ উদ্দিন নিজান। এই আসনে তিনবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন। তিনি এবার ধানের শীষ প্রতীকে ১ লাখ ১৫ হাজার ১৯৯ ভোটে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আশরাফুর রহমান হাফিজউল্যা পান ৭৩ হাজার ৭৫৬ ভোট।

Ad 300x250

সম্পর্কিত