বর্তমান আমলে ৪৬৪ হত্যা ও ৬৬৬টি ধর্ষণ মামলা হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০৯: ২৪
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত সারা দেশে ৪৬৪ হত্যা মামলা এবং ৬৬৬টি ধর্ষণের মামলা হয়েছে। হত্যা মামলায় ৬০৪ এবং ধর্ষণ মামলায় ৫৩০ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে হত্যা মামলায় ১১ ও ধর্ষণ মামলায় ৭১ আসামি জামিনে মুক্তি পেয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদে এনসিপির সংসদ সদস্য (কুমিল্লা-৪) আবুল হাসনাতের (হাসনাত আবদুল্লাহ) প্রশ্নের জবাবে এসব তথ্য জানান তিনি। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমানের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জমি দখল, চাঁদাবাজি এবং অবৈধ কর্মকাণ্ড ঘৃণ্য অপরাধ, যা সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক ক্ষতিকর। দেশের উন্নয়নে সুষ্ঠু আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধমুক্ত সমাজ ব্যবস্থার বিকল্প নেই।

তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার একটানা ১৫ বছরের বেশি ক্ষমতায় থাকাকালে তাদের অনুগত সন্ত্রাসী বাহিনী ভূমি দখল, জল, বালু মহাল দখল, বিভিন্ন সেক্টরে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের কারণে মানুষ অতিষ্ঠ হয়ে উঠে। বর্তমান সরকার এসব অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়ায় অল্প সময়ের মধ্যে ভূমি দখল, চাঁদাবাজি এবং অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার ফলে অপরাধ অনেকাংশে হ্রাস পেয়েছে।

বিএনপির সদস্য জাহান্দার আলী মিয়ার প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমানে বাংলাদেশ পুলিশে ২ লাখ ১৮ হাজার ৫৫৪টি পদ রয়েছে। এর মধ্যে পুলিশ পদ ২ লাখ ৭ হাজার ৭৪৫, নন-পুলিশ পদ ৮ হাজার ৪৭টি এবং নন-পুলিশ আউটসোর্সিং পদ ২ হাজার ৭৬২টি। নতুন করে আরও ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি করা হচ্ছে। এর মধ্যে এএসপি পদ ৫০০, এসআই (নিরস্ত্র) ৪ হাজার এবং ১০ হাজার কনস্টেবল। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ২৭০৩টি কনস্টেবলের শূন্য পদের বিপরীতে নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া সরাসরি ২ হাজার এএসআই নিয়োগ করা হবে।

জামায়াতে ইসলামীর সদস্য শাহজাহান চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি বলেন, গুম কমিশনের তদন্ত প্রতিবেদন জাতীয় মানবাধিকার কমিশনে সংরক্ষিত আছে। নিখোঁজ বা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বা ভুক্তভোগী পরিবারগুলোকে আইনিসহ সব ধরনের সহায়তা অব্যাহত রয়েছে।

সম্পর্কিত