পরিত্যক্ত কূপে ছাগল, তুলতে নেমে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
টাঙ্গাইল

টাঙ্গাইলের মধুপুরে কূপে নেমে মারা যাওয়া স্বজনের মরদেহ নিয়ে আহাজারি। সংগৃহীত ছবি

টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলকির জলই গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা ও তাঁর শিশু ছেলে নেইমার ম্রং, একই গ্রামের রতন নকরেক ও গাব্রিয়েল নকরেক (৩৫)। তারা সবাই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্য বলে নিশ্চিত করেছেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম ফজলুল হক।

স্থানীয়রা জানিয়েছে, মধুপুরে টেলকি জলই এলাকার একটি পরিত্যক্ত কূপে সকালের দিকে একটি ছাগল পড়ে যায়। ছাগলটি উদ্ধারে প্রথমে কূপে নামেন গাব্রিয়েল নকরেক। উপর থেকে তাঁর সাড়াশব্দ না পেয়ে একে একে আরও তিনজন কূপে নামেন। পরে কারও সাড়াশব্দ না পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা। ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে কূপ থেকে চারজনের মরদেহ উদ্ধার করেন।

মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। কী কারণে তাঁদের মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত