একনেকে ১৪ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৩ হাজার ৪৪৫ কোটি টাকা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সংগৃহীত ছবি

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৩ হাজার ৪৪৫ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে ১৪টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৮ হাজার ৮৯ কোটি ৫৬ লাখ টাকা, প্রকল্প ঋণ ৫ হাজার ৩৪০ কোটি ২৬ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১৫ কোটি ৫৯ লাখ টাকা।

আজ রোববার (২৬ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা বিভাগের সচিব।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন ৫টি, সংশোধিত ৫টি এবং মেয়াদ বৃদ্ধি-সংক্রান্ত ৪টি প্রকল্প রয়েছে। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুমোদিত প্রকল্পগুলো— ১. নগর জনগোষ্ঠীর জন্য সমন্বিত স্বাস্থ্যসেবা সম্প্রসারণ প্রকল্প। ২. কাস্টমস আধুনিকায়ন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধন)। ৩. পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্প (তৃতীয় সংশোধন)। ৪. জলবায়ু অভিযোজন ও ঝুঁকি হ্রাসে সহনশীল অবকাঠামো (রিভার) প্রকল্প (প্রথম সংশোধন)। ৫. চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতাধীন পরিচ্ছন্নতাকর্মী নিবাস নির্মাণ প্রকল্প (প্রথম সংশোধন)। ৬. ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্প (দ্বিতীয় সংশোধন)। ৭. ঢাকা শহরে জরুরি পানি সরবরাহ প্রকল্প। ৮. ময়মনসিংহ বিভাগে পাঁচটি জলবায়ু সহনশীল সেতু নির্মাণ প্রকল্প। ৯. সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্প (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা) দ্বিতীয় পর্যায়। ১০. বৈরাগীরপুল (বরিশাল)-টুমচর-বাউফল জেলা মহাসড়ক উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধন)। ১১. বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর জাতীয় মহাসড়ক উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধন)। ১২. রাঙ্গামাটি নদীর ওপর গোমা সেতু নির্মাণ প্রকল্প (প্রথম সংশোধন)। ১৩. বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের রেলপথ রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন প্রকল্প (প্রথম পর্যায়)। ১৪. মধুখালী-কামারখালী হয়ে মাগুরা পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ প্রকল্প (প্রথম সংশোধন)।

সভায় তিনটি সড়ক প্রকল্পের মেয়াদ পাঁচবার বৃদ্ধির কারণ অনুসন্ধানে মন্ত্রিপরিষদ সচিবকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া সভায় জানানো হয়, ৫০ কোটি টাকার কম ব্যয়ের ৩৩টি প্রকল্প ইতিমধ্যে পরিকল্পনামন্ত্রী অনুমোদন দিয়েছেন এবং সে বিষয়ে একনেক সভাকে অবহিত করা হয়েছে।

সভায় বলা হয়, অনুমোদিত প্রকল্পগুলো বাস্তবায়নের মাধ্যমে স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, যোগাযোগ অবকাঠামো উন্নয়ন, পানি সরবরাহ জোরদার, রেলপথ উন্নয়ন এবং জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে গতি আসবে।

বিষয়:

একনেক

সম্পর্কিত