সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে জাদুঘর

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি: বাসস

জুলাই জাদুঘরসহ দেশের বিভিন্ন জাদুঘর শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। ইতিহাস ও আত্মত্যাগ সম্পর্কে জানতে সপ্তাহে একদিন শিক্ষার্থীরা বিনামূল্যে জাদুঘর পরিদর্শনের সুযোগ পাবেন।

মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতিবিষয়ক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের বিষয়ে নানা কথা হয়েছিল। শেষ পর্যন্ত সেসব কথা ভুল প্রমাণিত হয়েছে। শুরুতে মানুষের প্রচণ্ড আগ্রহের কারণে একদিন সামান্য ব্যবস্থাপনার সমস্যা হয়েছিল। পরে তা নিয়ন্ত্রণ করা হয়েছে এবং এখন শৃঙ্খলার সঙ্গে সবাই জাদুঘর পরিদর্শন করছেন।

এই উপদেষ্টা জানান, শিক্ষার্থীদের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, আন্দোলনে মানুষের আত্মত্যাগ এবং এর তাৎপর্য তুলে ধরতে সরকারি উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের বিনামূল্যে জাদুঘর পরিদর্শনের ব্যবস্থা করা হবে। শুধু সরকারি স্কুলের শিক্ষার্থীদের নয়, পর্যায়ক্রমে সব স্কুলের শিক্ষার্থীদের এ আওতায় আনা হবে।

জাহেদ উর রহমান বলেন, এটা শুধু জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর নয়, আমাদের জাতীয় জাদুঘরসহ ঢাকার ও ঢাকার বাইরে অন্যান্য জাদুঘরেও সরকারি ব্যবস্থাপনায় একই ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

শিক্ষার্থীদের জাদুঘর পরিদর্শনের এ উদ্যোগ দেশের ইতিহাস, ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ ঘটনাবলি সম্পর্কে প্রত্যক্ষ ধারণার পাশাপাশি মানুষকে আরও জাদুঘরমুখী করার সুযোগ তৈরি হবে বলে জানান তিনি।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত