নাহিদ-শরিফুলকে ছাড়াই অজি বধের স্বপ্ন তাসকিনের
স্পোর্টস ডেস্ক

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার সুযোগ পেলেও ইনজুরির কারণে নাহিদ রানা ও শরিফুল ইসলামকে পাচ্ছে না বাংলাদেশ। তবে তাঁদের ছাড়াই অজিদের হারানোর স্বপ্ন দেখছেন পেসার তাসকিন আহমেদ।
সোমবার (১০ আগস্ট) ডারউইনে দলীয় ফটোসেশনের পর সাংবাদিকদের তাসকিন বলেন, ‘সত্যি বলতে আমরা নাহিদ ও শরিফুলকে খুব মিস করব। বিশেষ করে ব্যাটারদের জন্য আতঙ্ক নাহিদ রানা ইনজুরির কারণে খেলতে পারবে না। রানা ও শরিফুল থাকলে চিত্রটা অবশ্যই অন্যরকম হতো।’
তবে বোলিং ইউনিটের বাকিদের নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার মাটিতে সব পেসারের নিজেদের মেলে ধরার দুর্দান্ত সুযোগ। আশা করছি আমরা ভালো কিছু করতে পারব।’
২০১২ সালের যুব বিশ্বকাপ, ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মাটিতে খেললেও এবারই প্রথম সেখানে সাদা পোশাকে নামছেন তাসকিন।
অজি ব্যাটার ট্রাভিস হেড ও অন্যদের থামানোর কৌশল নিয়ে ডানহাতি এই পেসার বলেন, ‘সন্দেহ নেই যে হেড বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। তবে অতিরিক্ত কিছু না ভেবে আমি আমার প্রক্রিয়ায় মনোযোগ দেব। প্রতিটি ব্যাটারের জন্যই আমাদের নির্দিষ্ট পরিকল্পনা থাকবে, তবে সব নির্ভর করছে মাঠের উইকেট আর আমাদের পরিকল্পনার নিখুঁত বাস্তবায়নের ওপর।’
প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে ইনিংস ও ৩৮ রানের ব্যবধানে হেরে সফর শুরু করলেও তা নিয়ে খুব বেশি উদ্বিগ্ন নন তাসকিন। ডারউইনের কন্ডিশন কিছুটা বাংলাদেশের আবহাওয়ার মতো হওয়ায় দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন টাইগাররা।
অন্যদিকে ফক্স স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে অজি ব্যাটার ট্রাভিস হেড বলেন, ‘প্রস্তুতি ম্যাচে হারলেও মূল টেস্টে বাংলাদেশকে সমীহ করছি আমরা।’ আগামী ১৩ আগস্ট ডারউইনে গড়াবে সিরিজের প্রথম টেস্ট এবং ২২ আগস্ট ম্যাকাইতে হবে দ্বিতীয় ম্যাচ।
.png)





-6aa393b956c75-fc1d5c-256x144.webp)
