ad

জন্মদিন

এস এম সুলতানের চিত্রকর্মগুলো কোথায়, কেমন আছে

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

এস এম সুলতানের আঁকা চিত্রকর্ম। ছবি: সংগৃহীত

শিল্পপ্রেমীদের কাছে ‘চিত্রার লাল মিয়া’ নামে পরিচিত বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মদিন আজ (১০ আগস্ট)। তাঁর তুলিতে সাধারণ মানুষের সংগ্রাম ও জীবনগাথা উঠে এসেছিল এক অনন্য উচ্চতায়। সেই শিল্পকর্মগুলো কোথায়, কেমন আছে এখন?

বেঙ্গল আর্টসের সিনিয়র ম্যানেজার গোলাম ফারুক স্বপন জানান, তাদের সংগ্রহে এস এম সুলতানের পেইন্টিং, ড্রয়িং এবং চারকোল মিলিয়ে প্রায় ১৪০ থেকে ১৫০টি শিল্পকর্ম রয়েছে। তবে দেশে এসব শিল্পকর্ম সংরক্ষণ অত্যন্ত কঠিন ও ব্যয়বহুল। তিনি বলেন, ‘এস এম সুলতান সবসময় বাজারজাত দামি রঙ ব্যবহার করতেন না। অনেক সময় তিনি নিজেই রঙ বা পিগমেন্ট তৈরি করতেন এবং ক্যানভাস বা চটের ওপর ছবি আঁকতেন। ফলে স্থানীয় আবহাওয়ার অতিরিক্ত আর্দ্রতার কারণে তার কাজগুলো তুলনামূলক সংবেদনশীল ও ভঙ্গুর হয়ে পড়ে। এ জন্য শিল্পকর্মগুলো সংরক্ষণে বিশেষ সতর্কতা ও বাড়তি যত্নের প্রয়োজন হয়।’

গোলাম ফারুক বলেন, ‘এসব শিল্পকর্ম সংরক্ষণের জন্য বিশেষ আর্ট ভল্ট ও আন্তর্জাতিক মানের আধুনিক স্টোরেজ ব্যবস্থা রয়েছে। স্টোরেজের ভেতরের ক্ষতিকর আর্দ্রতা শোষণের জন্য ডি-হিউমিডিফায়ার, এসি, ফ্যান এবং সুনির্দিষ্ট লাইটিং সিস্টেম সার্বক্ষণিক চালু রাখা হয়।’

সুলতানের শিল্পকর্ম নিয়ে দেশে সাধারণত ৩-৪ বছর পর পর প্রদর্শনীর আয়োজন করা হয়। এ পর্যন্ত দেশে ৩-৪টির মতো প্রদর্শনী হয়েছে। দেশের গণ্ডি পেরিয়ে সংযুক্ত আরব আমিরাতের মর্যাদাপূর্ণ ‘শারজাহ বিএনালে’র মতো আন্তর্জাতিক অঙ্গনেও তাঁর কাজ প্রদর্শিত হয়েছে। বেঙ্গল আর্টস এসব শিল্পকর্ম কেবল সংরক্ষণের জন্যই রেখেছে, বিক্রির জন্য নয় বলে উল্লেখ করেন গোলাম ফারুক স্বপন।

বেঙ্গল আর্টসের এই সিনিয়র ব্যবস্থাপক বলেন, বাংলাদেশে শিল্পকর্মের বাণিজ্যিক বাজারমূল্য এখনো সেভাবে বড় আকার ধারণ করেনি। তবে আন্তর্জাতিক বাজারের প্রেক্ষাপটে গুণগত বিচারে তাঁর একেকটি কাজের আনুমানিক মূল্য ২ থেকে ৩ কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হয়।

নড়াইলে এস এম সুলতানের ‘শিশুস্বর্গ’। ছবি: সংগৃহীত
নড়াইলে এস এম সুলতানের ‘শিশুস্বর্গ’। ছবি: সংগৃহীত

নড়াইলের ‘শিশুস্বর্গ’ ও ‘সুলতান স্মৃতি জাদুঘর’

বিশ্ববরেণ্য এই চিত্রশিল্পীর স্মৃতিবিজড়িত বাসভবনকে কেন্দ্র করে নড়াইলে গড়ে উঠেছে ‘শিশুস্বর্গ’ ও ‘সুলতান স্মৃতি জাদুঘর’। ২০০৬ সালে এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জী জানান, বর্তমানে এখানে সুলতানের ২৩টি মূল চিত্রকর্ম এবং ৫৩টি রেপ্লিকা সংরক্ষিত আছে। পাশাপাশি গ্যালারিতে রয়েছে শিল্পীর ব্যবহৃত নানা জিনিসপত্র। এছাড়া শিশুদের নিয়ে নদীপথে ঘোরার জন্য শিল্পীর নিজস্ব পরিকল্পনায় তৈরি ‘ভ্রাম্যমাণ শিশুস্বর্গ’ নামের নৌকাটিও জাদুঘর সংলগ্ন ঘাটে সযত্নে রাখা হয়েছে।

শিল্পীর প্রতিষ্ঠিত শিশুদের ড্রয়িং স্কুলে সারা বছর বিনামূল্যে ছবি আঁকা শেখানো হয়। প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার সকালে ২ ঘণ্টা করে নিয়মিত চিত্রাঙ্কন ক্লাস অনুষ্ঠিত হয়। পাশাপাশি বছরজুড়ে নানা বয়সভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। দর্শনার্থীদের জন্য সংগ্রহশালাটি প্রতি রোববার বন্ধ থাকে এবং সপ্তাহের অন্যান্য দিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্দিষ্ট প্রবেশ ফির বিনিময়ে খোলা থাকে। তবে নড়াইলে প্রতি বছর আয়োজিত ঐতিহ্যবাহী ‘এস এম সুলতান মেলা’ ও ‘নৌকা বাইচ’ বিগত দুই বছর ধরে বন্ধ রয়েছে। কী কারণে এগুলো বন্ধ রয়েছে, সে বিষয়ে তন্দ্রা মুখার্জী কোনো মন্তব্য করতে রাজি হননি।

১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন প্রখ্যাত চিত্রশিল্পী শেখ মোহাম্মদ সুলতান (এস এম সুলতান নামে পরিচিত)। শিল্পকলায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ১৯৮২ সালে ‘একুশে পদক’ এবং ১৯৯৩ সালে ‘স্বাধীনতা পদক’-এ ভূষিত হন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে বরেণ্য এই শিল্পী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত