ঢাকা স্ট্রিমে সাইবার হামলার হুমকিতে বাংলাদেশ মিডিয়া মনিটরের উদ্বেগ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ১৩
ঢাকা স্ট্রিমে সাইবার হামলার হুমকিতে বাংলাদেশ মিডিয়া মনিটরের উদ্বেগ প্রকাশ। ছবি: বিএমএম লোগো ও ঢাকা স্ট্রিমে সংশ্লিষ্ট প্রতিবেদনের স্ক্রিনশট
ঢাকা স্ট্রিমে সাইবার হামলার হুমকিতে বাংলাদেশ মিডিয়া মনিটরের উদ্বেগ প্রকাশ। ছবি: বিএমএম লোগো ও ঢাকা স্ট্রিমে সংশ্লিষ্ট প্রতিবেদনের স্ক্রিনশট

অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকা স্ট্রিম’-এ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে উগ্রবাদীদের সাইবার হামলার হুমকির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে গণমাধ্যম পর্যবেক্ষক ও গবেষণা সংস্থা বাংলাদেশ মিডিয়া মনিটর (বিডিএমএম)। হুমকিদাতাদের দ্রুত শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ এবং গণমাধ্যমটির সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিডিএমএম তাদের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে বলেছে, ‘বস্তুনিষ্ঠ ও জনস্বার্থমূলক সাংবাদিকতার কারণে কোনো সংবাদমাধ্যমকে উগ্রবাদীদের পক্ষ থেকে সাইবার হামলা বা ভয়ভীতি দেখানোর এ ঘটনা স্বাধীন সংবাদমাধ্যম ও মুক্ত সাংবাদিকতার পরিপন্থী। আমরা অনতিবিলম্বে সাইবার ক্রাইম ইউনিটের মাধ্যমে হুমকিদাতাদের পরিচয় শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং ঢাকা স্ট্রিমের কর্মী, অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক মাধ্যমের পেজগুলোর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জোরালো দাবি জানাচ্ছি।’

এর আগে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের প্রকাশক ও সম্পাদকদের সংগঠন ‘অনলাইন এডিটরস ফোরাম’ ও হুমকির ঘটনায় উদ্বেগ জানায়। জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান অনলাইন সংবাদমাধ্যমগুলোর সম্পাদকরা।

গত ২০ সেপ্টেম্বর ‘ইসলামি বইমেলায় আল-কায়েদা নেতাদের বই, পেছনে কারা?’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে ঢাকা স্ট্রিম। প্রতিবেদনে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত বইমেলায় আল-কায়েদার শীর্ষ নেতাদের বয়ান ও লেখা অনুবাদ করে বই আকারে বিক্রির তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদনটি প্রকাশের পরদিন রাতে ঢাকা স্ট্রিমকে পাঠানো একটি ই-মেইলে প্রতিবেদনটি মুছে ফেলে ক্ষমা চাওয়ার শর্ত দেওয়া হয়। তা না করলে ১২ ঘণ্টার মধ্যে ওয়েবসাইটে সাইবার হামলা চালানোর হুমকি দেওয়া হয়। এ ঘটনার পর গত ২২ সেপ্টেম্বর কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে ঢাকা স্ট্রিম কর্তৃপক্ষ। জিডিতে হুমকিদাতাদের পাঠানো ই-মেইলের স্ক্রিনশটসহ সংশ্লিষ্ট সব ডিজিটাল প্রমাণ জমা দিয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত