এশিয়ান গেমস

কাবাডিতে ভারতের বিপক্ষে ৪৮-২৫ পয়েন্টে হেরেছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

ম্যাচ শেষে করমর্দন করছেন দু'দলের খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত
ম্যাচ শেষে করমর্দন করছেন দু'দলের খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত

জাপানের আইচি-নাগোয়া এশিয়ান গেমসে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে ভারতের কাছে ৪৮-২৫ পয়েন্টে হেরেছে বাংলাদেশ পুরুষ কাবাডি দল। বড় ব্যবধানে হেরে সেমিফাইনালে ওঠার সমীকরণে কঠিন অবস্থায় পড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

জাপানের টোকাই সিটিজেন জিমনেসিয়ামে শুরু থেকেই ম্যাচে আধিপত্য বিস্তার করে ভারত। আক্রমণ ও রক্ষণ- দুই বিভাগেই শক্তির পার্থক্য স্পষ্ট ছিল। বাংলাদেশের রেইডাররা পয়েন্ট আদায়ের চেষ্টা করলেও ভারতের শক্তিশালী ডিফেন্সের সামনে বারবার আটকে যান। প্রথমার্ধেই ২৯-৯ পয়েন্টে পিছিয়ে পড়ে বাংলাদেশ।

বিরতির পরও পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি। ভারতের ট্যাকেল ও রেইডের বিপরীতে বাংলাদেশের প্রতিরোধ ছিল দুর্বল। তবে ম্যাচের শেষ দিকে কিছুটা ঘুরে দাঁড়িয়ে ভারতের সঙ্গে সমানে লড়াই করে কয়েকটি পয়েন্ট আদায় করে নেয় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে ব্যবধান কমলেও শেষ পর্যন্ত ৪৮-২৫ পয়েন্টে হেরে কোর্ট ছাড়তে হয় মিজানুর রহমানের দলকে।

বাংলাদেশের স্কোরে বোনাস পয়েন্ট ছিল ১১টি। ভারত পেয়েছে ১০ বোনাস ও ৬ অলআউট পয়েন্ট। বাংলাদেশের হয়ে সুপার ট্যাকেল থেকে এসেছে ১ পয়েন্ট।

এর আগে চাইনিজ তাইপে ও দক্ষিণ কোরিয়াকে হারিয়ে টুর্নামেন্টে ভালো শুরু করেছিল বাংলাদেশ। তবে তৃতীয় ম্যাচে স্বাগতিক জাপানের কাছে ৪০-৩৭ পয়েন্টে হেরে যায় তারা। তবে আজ ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারের পর সেমিফাইনালে ওঠার পথ কঠিন হয়ে গেল লাল সবুজের প্রতিনিধিদের।

গ্রুপ ‘এ’ থেকে সেমিফাইনালে উঠবে শীর্ষ দুটি দল। শীর্ষ দুইয়ে থাকতে বাংলাদেশের এখন তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্য ম্যাচগুলোর ফলের দিকে।

এবারের এশিয়ান গেমসে দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে ১০টি দল। আগামী ২৫ সেপ্টেম্বর দুই গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে খেলবে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে ভারত, দক্ষিন কোরিয়া, চাইনিজ তাইপে ও জাপান।

এশিয়ান গেমসে বাংলাদেশ পুরুষ কাবাডি দল এর আগে ১৯৯০, ১৯৯৪ ও ২০০২ সালে রৌপ্য পদক জিতেছিল। ২০ বছর পর আবার পদক জয়ের আশা নিয়ে এবার এশিয়ান গেমসে নেমেছিল বাংলাদেশ।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত