ঢাকা স্ট্রিমে সাইবার হামলার হুমকি: আইনি ব্যবস্থার দাবি অনলাইন এডিটরস ফোরামের
স্ট্রিম প্রতিবেদকঢাকা

অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকা স্ট্রিম’-এ সাইবার হামলার হুমকির ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে অনলাইন এডিটরস ফোরাম। একই সঙ্গে হুমকিদাতাদের দ্রুত শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) এস এম মিনহাজুর রহমানের সই করা বিবৃতিতে অনলাইন এডিটরস ফোরাম এ দাবি জানায়।
এর আগে, গত ২০ সেপ্টেম্বর ‘ইসলামি বইমেলায় আল-কায়েদা নেতাদের বই, পেছনে কারা?’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে ঢাকা স্ট্রিম। প্রতিবেদনটিতে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত বইমেলায় আল-কায়েদার প্রয়াত নেতাদের অনূদিত বই বিক্রির তথ্য তুলে ধরা হয়।
প্রতিবেদনটি প্রকাশের পরদিন রাতে ঢাকা স্ট্রিমকে পাঠানো একটি ই-মেইলে প্রতিবেদনটি মুছে ফেলে ক্ষমা চাওয়ার শর্ত দেওয়া হয়। অন্যথায় ১২ ঘণ্টার মধ্যে ওয়েবসাইটে সাইবার হামলা চালানোর হুমকি দেওয়া হয়, যা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক।
এ ঘটনার পর গত ২২ সেপ্টেম্বর কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে ঢাকা স্ট্রিম কর্তৃপক্ষ। জিডিতে হুমকিদাতাদের পাঠানো ই-মেইলের স্ক্রিনশটসহ সংশ্লিষ্ট সব ডিজিটাল প্রমাণ সংরক্ষণের কথা উল্লেখ করা হয়েছে।
অনলাইন এডিটরস ফোরাম জানিয়েছে, এ ধরনের ঘটনা স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার জন্য অত্যন্ত উদ্বেগজনক। এই ধরনের হুমকি গণমাধ্যমের স্বাধীনভাবে কাজ করার পরিবেশকে ব্যাপকভাবে বাধাগ্রস্ত করতে পারে। ফোরামটি অবিলম্বে হুমকিদাতাদের পরিচয় শনাক্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর আহ্বান জানিয়েছে।
.png)








