জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

রাজধানীতে ঈদ আনন্দ মিছিল

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

ঈদ আনন্দ মিছিলে নানা শ্রেণি-পেশার মানুষ। স্ট্রিম ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য ‘ঈদ আনন্দ মিছিল’ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটির নেতৃত্ব দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ শনিবার (২১ মার্চ) জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত শেষে সকাল ১০টায় এই মিছিল শুরু হয়। জাতীয় ঈদগাহ ময়দান সংলগ্ন হাইকোর্ট প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার, শাহবাগ মোড় ঘুরে হোটেল ইন্টারকন্টিন্যান্টালের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়ে।

মিছিলে নারী-পুরুষ, শিশু ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে অংশগ্রহণ করতে দেখা যায়। এসময় তাঁরা ‘ঈদ মোবারক, ঈদ মোবারক’, ‘বাংলাদেশের আজাদী, ওসমান হাদি’, ‘ফ্রি ফ্রি, প্যালেস্টাইন’, ‘গোলামি না আজাদী, আজাদী আজাদী’, ‘বিচার বিচার বিচার চাই, শেখ হাসিনার বিচার চাই’ সহ বিভিন্ন স্লোগান দেন।

সরেজমিনে দেখা গেছে, আসিফ মাহমুদ ছাড়াও মিছিলে অংশ নিয়েছেন এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা। এছাড়া দেখা গেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বর্তমান ও সাবেক নেতাদের। সেইসঙ্গে মিছিলে ছিল ব্যান্ড পার্টি, ঘোড়া, ঘোড়ার গাড়ি, হাতি, ভ্যানের বহর, রাজকীয় ছাতা, জোকার, রণপা, রাজসিক বিহার ও বিভিন্ন স্লোগান সম্মলিত সাইনবোর্ড।

ঈদ আনন্দ মিছিলে নানা শ্রেণি-পেশার মানুষ। স্ট্রিম ছবি
ঈদ আনন্দ মিছিলে নানা শ্রেণি-পেশার মানুষ। স্ট্রিম ছবি

রাজধানীর মগবাজার থেকে আনন্দ মিছিলে যোগ দিয়েছেন ডাক্তার মোহাম্মদ জহির। বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের (সাবেক পিজি) এই ডাক্তার সঙ্গে এনেছেন তাঁর শিশু ছেলেকে। স্ট্রিমকে তিনি বলেন, ‘অনেক আগে ঈদের দিনে আনন্দ মিছিল হতো। ডাক ঢোল পিটিয়ে আনন্দ ছড়িয়ে দিত মানুষ। এটা আমাদের ঐতিহ্যগত বিষয়। কিন্তু আমার এই কালচার হারিয়ে গিয়েছিল৷ নতুন করে এসব আনন্দ ফিরে আসছে, এটা দেখতে এবং ছেলেকে দেখাতে নিয়ে আসলাম। ভালো লাগছে। এভাবেও আনন্দ করা যায়।’

পুরান ঢাকা থেকে ছোট বোনকে নিয়ে এসেছেন জান্নাত সারা। স্ট্রিমকে সারা বলেন, ‘এই আনন্দ তো আসলে বলে বোঝানো কঠিন। ঈদ এমনিতেই আনন্দ নিয়ে আসে। এরমধ্যে শত শত মানুষ মিলে উদযাপন, সত্যিই খুব আনন্দের বিষয়।’

আগামী বছরগুলোতেও এমন আয়োজন হোক, আরও অনেক মানুষ এই মিছিলে যুক্ত হোক—এটাই আমার চাওয়া, যুক্ত করেন সারা।

ক্যান্টনমেন্ট থেকে এসেছেন মোহাম্মদ ইমরান। সঙ্গে নিয়ে এসেছেন স্ত্রী, কন্যা, বোন, বোনের স্বামী ও তাঁদের সন্তান। স্ট্রিমকে ইমরান বলেন, ‘ঈদ যে একটা আনন্দের উৎসব, আমরা এটাই ভুলে গিয়েছিলাম। অথচ পূজাতে কত আনন্দ হয়। নেচে গেয়ে আনন্দে মেতে ওঠে সবাই। আমাদের ঈদটাও তো এমন সার্বজনীন আনন্দের বিষয় ছিল।’

ইমরান আরও বলেন, ‘এটা ভালো লাগছে যে, আমাদের হারিয়ে যাওয়া আনন্দ আবার ফিরে আসছে। তাই পুরো পরিবার নিয়ে মিছিলে চলে এসেছি।’

ঈদ মিছিলের আয়োজকদের মধ্যে একজন রাদিদ বিন জামান। স্ট্রিমকে রাদিদ বলেন, ‘৫ আগস্টের পরে নতুন করে বাংলাদেশের গড়া হচ্ছে। অনেক কিছুই নতুন করে শুরু হচ্ছে। আবার অনেক হারিয়ে যাওয়া বিষয় নতুন করে হাজির হচ্ছে। এর মধ্যে একটা ঈদ মিছিল। ঈদের মিছিল আমাদের জন্য একটা ঐতিহ্যের বিষয়। এই ঐতিহ্য আমরা ফিরিয়ে আনতে পারছি, মানুষের খুব সাড়া পাচ্ছি। এটা খুব আনন্দের।’

ঈদ আনন্দ মিছিলে অন্যদের সঙ্গে এনসিপি নেতা আসিফ মাহমুদ। স্ট্রিম ছবি
ঈদ আনন্দ মিছিলে অন্যদের সঙ্গে এনসিপি নেতা আসিফ মাহমুদ। স্ট্রিম ছবি

আনন্দ মিছিল শেষে আসিফ মাহমুদ জানান, সামনের দিনগুলোতে এই বর্ণাঢ্য আয়োজন আরও বিস্তৃত পরিসরে সবার অংশগ্রহণে করা হবে।

তিনি বলেন, ‘এই ঈদে কিছুটা অব্যবস্থাপনা ছিল। তবে প্রত্যাশা করি, রাজনৈতিক ভেদাভেদ ভুলে সবাই মিলে বাংলাদেশকে যেন এগিয়ে নিতে পারি।’

এর আগে ‘নাগরিক উদ্যোগে’ তিন দিনব্যাপী ঈদ উৎসব শুরু হয় গতকাল শুক্রবার (২০ মার্চ)। রাজধানীর রবীন্দ্র সরোবর প্রাঙ্গণে দিনব্যাপী মেহেদি উৎসবের পর সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে গান পরিবেশন করেন আসিফ মাহমুদ।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকার প্রাচীন নাগরিক ঐতিহ্য ও উৎসব সংস্কৃতি ফিরিয়ে আনার লক্ষ্যেই তিন দিনব্যাপী এ আয়োজন করা হয়েছে। তাঁরা বলছেন, ঐতিহাসিকভাবে ঢাকায় ঈদ ছিল নাগরিক মিলন, সংস্কৃতি ও আনন্দ ভাগাভাগির এক বড় উপলক্ষ।

আয়োজক সূত্রে জানা গেছে, আগামীকাল ঈদ উৎসবের তৃতীয় দিনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে ঘুড়ি উৎসব। বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণে আকাশজুড়ে রঙিন ঘুড়ি উড়ানোর মধ্য দিয়ে ঈদের আনন্দ উদযাপন করা হবে।

সম্পর্কিত