রাজস্বে ‘এ-চালান’ বাধ্যতামূলক, বাতিল ম্যানুয়াল পদ্ধতি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৯ মে ২০২৬, ২৩: ১৫
অর্থ মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত

সরকারি সব রাজস্ব ও প্রাপ্তি ‘এ-চালান’-এ ট্রেজারি সিঙ্গেল অ্যাকাউন্টে (টিএসএ) জমা করার নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। একইসঙ্গে সরকারি লেনদেনের ক্ষেত্রে প্রচলিত ম্যানুয়াল চালান পদ্ধতি বাতিল করা হয়েছে।

সোমবার (১৮ মে) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ‘সরকারি ঋণ ও আর্থিক সম্পদ ব্যবস্থাপনা অনুবিভাগ’ থেকে জারি করা পরিপত্রে এই নির্দেশনা দেওয়া হয়।

এতে উল্লেখ করা হয়, সংবিধান অনুযায়ী সরকারের সব রাজস্ব ও প্রাপ্তি ‘সংযুক্ত তহবিল’ বা ‘প্রজাতন্ত্রের সরকারি হিসাব’-এ জমা হওয়ার বিধান রয়েছে। ট্রেজারি রুলস অনুযায়ী এই অর্থ বাংলাদেশ ব্যাংকে রক্ষিত ট্রেজারি সিঙ্গেল অ্যাকাউন্টের (টিএসএ) মাধ্যমে পরিচালিত হবে। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, কিছু দপ্তর এখনো পুরোনো ম্যানুয়াল কোড ব্যবহার করে অর্থ জমা দিচ্ছে এবং অনেক ক্ষেত্রে টিএসএ ব্যবহার না করে আইনবহির্ভূতভাবে ব্যাংকে নিজেদের নামে পৃথক হিসাব খুলে সরকারি অর্থ জমা রাখছে।

এতে যেমন সরকারের নগদ অর্থের প্রকৃত স্থিতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হচ্ছে না। অন্যদিকে, বিভিন্ন ব্যাংকে জমাকৃত নগদ অর্থ সরকার প্রয়োজনে ব্যবহার করতে পারছে না। এতে অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে উচ্চ সুদে ঋণ নিতে হচ্ছে।

এই পরিস্থিতি বিবেচনায় সরকারি অর্থের স্বচ্ছতা নিশ্চিতকরণ ও ঋণের সুদজনিত ব্যয় হ্রাসের লক্ষ্যে সরকার তিনটি নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মধ্যে আগামী ১ জুলাই থেকে ম্যানুয়াল চালান পদ্ধতি সম্পূর্ণ বন্ধ থাকবে এবং সব সরকারি রাজস্ব ও অন্যান্য প্রাপ্তির ক্ষেত্রে শতভাগ ‘এ-চালান’ ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে। এরপর মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরসহ সব অধস্তন অফিসের রাজস্ব বা অন্য কোনো প্রাপ্তি আদায় ও জমা করার জন্য ‘এ-চালান’ ছাড়া অন্য কোনো স্বতন্ত্র ব্যবস্থা বা সিস্টেম চালু থাকলে তা বাতিল করতে হবে।

সব সরকারি দপ্তর কর্তৃক বাণিজ্যিক ব্যাংকে রক্ষিত ব্যাংক হিসাবে জমা হওয়া সমুদয় অর্থ আগামী ৩০ জুনের মধ্যে বাধ্যতামূলকভাবে ‘এ-চালান’-এর মাধ্যমে সংশ্লিষ্ট অর্থনৈতিক কোড ব্যবহার করে, বাংলাদেশ ব্যাংকে রক্ষিত সরকারি ব্যাংক অ্যাকাউন্ট টিএসএ-তে স্থানান্তর নিশ্চিত করতে হবে বলে পরিপত্রে উল্লেখ রয়েছে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত