ইতালিতে বাঁধনের ওপর হামলা: জড়িতদের ফেরত আনার দাবি এনসিপির
স্ট্রিম প্রতিবেদকঢাকা

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নেতারা এ ঘটনায় জড়িতদের অবিলম্বে বাংলাদেশে ফেরত এনে বিচারের দাবি জানিয়েছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের দেওয়া যৌথ বিবৃতিতে এই দাবি জানায় দলটি।
বিবৃতিতে এনসিপি নেতারা বলেন, ‘ভেনিসে একজন সুপরিচিত সাংস্কৃতিক কর্মী ও জুলাইযোদ্ধার ওপর হামলা, শারীরিকভাবে হেনস্তা এবং তাঁর সঙ্গে থাকা নারী ও শিশুকে আঘাত করার অভিযোগ অত্যন্ত ন্যক্কারজনক।’
এই নেতাদের অভিযোগ, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের ভেনিসে উপস্থিতির সময় তাঁর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কয়েকজন ক্যাডার এ হামলায় জড়িত ছিলেন।
বিবৃতিতে আরও বলা হয়, বিদেশের মাটিতে জুলাইযোদ্ধাদের ওপর হামলার ঘটনা প্রমাণ করে- পরাজিত আওয়ামী লীগের রাজনৈতিক সহিংসতার প্রবণতা রয়ে গেছে। এমন পরিস্থিতিতে দলটির সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক বা সামাজিক পুনর্মিলনের সুযোগ নেই বলেও মন্তব্য করেন এনসিপি নেতারা।
এ ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের প্রতি কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে এনসিপি নেতারা বলেন, ইতালীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি তাদের ভিসা বাতিল করে আইনগত প্রক্রিয়ায় বাংলাদেশে ফেরত আনার উদ্যোগ নিতে হবে।
নিন্দা-প্রতিবাদ জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট
ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা-হেনস্তার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
মঙ্গলবার যৌথ বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি সালমান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ বলেন, “গণঅভ্যুত্থানে সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই সাহসী ভূমিকা রেখেছিলেন। আজমেরী হক বাঁধন এই লড়াইয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।”
নেতারা অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের দু’বছর পরও জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের যথাযথ বিচার ও শাস্তি নিশ্চিত হয়নি। অভ্যুত্থানকারীদের নিরাপত্তা দিতে সরকার বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণকারীরা নানাভাবে হুমকি এবং হেনস্তার শিকার হচ্ছেন।
.png)






