
ঝিনাইদহের শৈলকুপায় পাচারের সময় এক হাজার কেজি সার জব্দ করেছে কৃষি বিভাগ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চড়িয়ার বিল বাজার থেকে এসব সার জব্দ করা হয়।
কৃষি বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, কুষ্টিয়ার বিত্তিপাড়া বাজার থেকে ১৫ বস্তা ডিএপি ও ৫ বস্তা টিএসপি সার পাচার করা হচ্ছে এমন খবরে সারবোঝাই একটি ভ্যান আটক করেন স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশ ও কৃষি অফিসকে জানানো হয়।
খবর পেয়ে পুলিশসহ উপজেলা কৃষি কর্মকর্তা সাকিব আহমেদ ঘটনাস্থলে গিয়ে সারগুলো জব্দ করেন। পরে জব্দ সার স্থানীয় কৃষকদের মধ্যে সরকারি মূল্যে বিক্রি করা হয়।
স্থানীয় কৃষক জাবেদ আলি বলেন, ‘সারগুলো ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় আমরা আটক করে কৃষি কর্মকর্তাকে খবর দিই। এ সময় ভ্যানচালক পালিয়ে যান।’
উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাকিব আহমেদ বলেন, জব্দ করা সার স্থানীয় কৃষকদের কাছে সরকারি মূল্যে বিক্রি করা হয়েছে। এতে পাওয়া ২২ হাজার ৫০০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ভ্যানচালক পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
.png)






