বিপ্লব-ইকবালসহ পুলিশের আলোচিত ৬ কর্মকর্তা বরখাস্ত

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ১৯: ১৫
বিপ্লব কুমার সরকার ও ইকবাল হোসাইন। ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আমলের প্রভাবশালী ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা এই-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

বরখাস্তরা হলেন– ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত বিপ্লব কুমার সরকার, সুদীপ কুমার চক্রবর্তী, ডিএমপির ওয়ারী বিভাগের সাবেক ডিসি খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ইকবাল হোসাইন, ডিএমপির উত্তরা বিভাগের সাবেক ডিসি চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত কাজী আশরাফুল আজীম, কক্সবাজার এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস ও ডিএমপির সাবেক সহকারী কমিশনার গোলাম রুহানী।

প্রজ্ঞাপনগুলোতে বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কিংবা কোনো কারণ না জানিয়ে নির্দিষ্ট সময় থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। বিভাগীয় মামলা ও তদন্ত শেষে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শ এবং রাষ্ট্রপতির অনুমোদনে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাদের বরখাস্ত করা হয়েছে।

এদের মধ্যে ইকবাল হোসাইন, কাজী আশরাফুল, বিপ্লব কুমার ও সুদীপ কুমারের সঙ্গে তাদের অনুপস্থিতির বিষয়ে যোগাযোগ করলেও, কোনো জবাব কিংবা সংশ্লিষ্টরা আত্মপক্ষ সমর্থন করেননি। পরে বিভাগীয় তদন্তে চারজনের বিরুদ্ধে পলায়ন ও অসদাচরণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

আরেক প্রজ্ঞাপনে বলা হয়, রাজন কুমার দাস গত বছরের ডিসেম্বরে নৈমিত্তিক ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেন। এরপর আর তিনি যোগদান করেননি। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর থেকে বিনা অনুমতিতে অনুপস্থিতি ৬০ দিন পার হওয়ায় রাজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। দুটি কারণ দর্শানোর নোটিশের জবাব না পেয়ে তদন্ত শেষে পিএসসির পরামর্শে পলায়নের তারিখ থেকে তাঁকে চাকরিচ্যুত করা হয়।

এছাড়া গোলাম রুহানীকে ডিএমপি থেকে প্রেষণে পররাষ্ট্র মন্ত্রণালয় ও পরে এপিবিএন খাগড়াছড়িতে বদলি করা হয়। কিন্তু তিনি নতুন কর্মস্থলে যোগ দেননি। ২০২৪ সালের ১১ আগস্ট থেকে বিনা অনুমতিতে অনুপস্থিতির মেয়াদ ৬০ দিন পার হওয়ায় রুহানীর বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। কারণ দর্শানোর জবাব না দেওয়ায় তদন্ত শেষে তাঁকেও বরখাস্ত করা হয়।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত