ভাটারায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ পরিবারের ৩ জনেরই মৃত্যু

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৮: ৫১
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট। ছবি: সংগৃহীত

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।

এর আগে শুক্রবার সকাল ৬টার দিকে তাঁর স্বামী মোহাম্মদ শাহিন (২৫) এবং আগের রাতে শাহিনের ভাগনি হাফসা আক্তারের (৮) মৃত্যু হয়। বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, শ্বাসনালিসহ ফাহিমার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে শাহিন ৫০ শতাংশ ও হাফসা ৪০ শতাংশ দগ্ধ নিয়ে মারা যান।

কাপড়ের শোরুমের কর্মচারী শাহীন নতুন বাজার ১০০ ফিট সড়ক এলাকায় একটি বাড়ির নিচতলায় ভাড়া থাকতেন। গত মঙ্গলবার ভোর ৪টার দিকে রান্নাঘরে বিস্ফোরণে শাহীন, তাঁর স্ত্রী ও ভাগনি দগ্ধ হন।

তাদের হাসপাতালে নিয়ে যাওয়া প্রতিবেশী জসিম উদ্দিন জানান, বিস্ফোরণের শব্দ শুনে তারা গিয়ে দেখেন বাসায় থাকা তিনজনই দগ্ধ হয়েছে। পরে তারা হাসপাতালে নিয়ে যান।

তিনি বলেন, শাহিনের ওই বাসায় তিতাসের গ্যাস লাইন রয়েছে। তাদের ধারণা, কোনোভাবে লাইন থেকে গ্যাস লিক হয়ে রুমে জমে ছিল। ভোরে রান্না বা অন্য কোনো কারণে আগুন জ্বালালে বিস্ফোরণ হয়।

এদিকে, গ্যাসের লাইনে ত্রুটি থাকলেও বাড়ির মালিক তা মেরামত না করায় এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলেছেন ফাহিমার স্বজনেরা।

ফাহিমার চাচি শামীমা সুলতানার অভিযোগ, এক মাস আগে নতুনবাজারের ওই ভাড়া বাসায় ওঠেন শাহীনরা। তখন থেকেই গ্যাসের গন্ধ পান। বাড়িওয়ালাকে ডেকে বিষয়টি জানালে পাইপ মেরামত করে দেন। তবে এরপরও একাধিকবার গ্যাসের গন্ধ পাওয়া যায়। পরে জানালেও আর পাইপ ঠিক করে দেননি বাড়ির মালিক। তার গাফিলতির কারণেই এই ঘটনা ঘটেছে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত