রাজধানীতে তরুণদের নিয়ে লেখালেখি বিষয়ক কর্মশালা
স্ট্রিম প্রতিবেদক

রাজধানীতে সামাজিক সংগঠন ‘বাংলাদেশ ফরওয়ার্ড’-এর উদ্যোগে শিক্ষার্থী, রাজনৈতিক কর্মী ও সাংবাদিকদের অংশগ্রহণে কলাম রাইটিং প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) পান্থপথের একটি মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত মতামত রচনার কৌশল নিয়ে আলোচনা হয়।
কর্মশালায় সমসাময়িক বিষয় পর্যবেক্ষণ, মতামতের বস্তুনিষ্ঠতা, লেখা উপস্থাপনের সঠিক কৌশল এবং আন্তর্জাতিক পরিসরে কলাম পাঠানোর উপায় নিয়ে আলোচনা করেন বক্তারা।
দৈনিক ইনকিলাবের এডিটোরিয়াল অ্যাসিস্ট্যান্ট সৈয়দ ইবনে রহমত বলেন, ‘চারপাশের ঘটনাগুলোর দিকে তাকালে দেখবেন, লেখার অসংখ্য ইস্যু ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। বই-পুস্তক পড়ে মতামত লেখার পাঠের চেয়ে বাস্তব জীবনের এই বিষয়গুলোকে বিশ্লেষণ করতে শেখা জরুরি।’
গবেষক এবং পলিসি প্র্যাকটিশনার্স নুরুল ইসলাম বিপ্লব বলেন, মতামত সর্বজনীন তথ্য নয়, বরং ব্যক্তির নিজস্ব সামাজিক অবস্থানের ওপরই তাঁর মতামতের গুরুত্ব নির্ভর করে। শুধু সুন্দর কাঠামো বা প্রতিষ্ঠান থাকলেই সঠিক ফলাফল পাওয়া যায় না।
সংখ্যার চেয়ে লেখার গুণগত মানের ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গুরুত্বপূর্ণ কাজগুলো নিয়ে মানসম্মত লেখার অভাব রয়েছে। নতুন কিছু তুলে ধরাই লেখকের আসল অবদান উল্লেখ করে তিনি জানান, ফেসবুক, ইউটিউব বা পত্রিকার কলাম—যেকোনো মাধ্যমেই সততা ও মেধা থাকলে নিজস্ব অবস্থান তৈরি সম্ভব।
সাংবাদিক ও কলামিস্ট এইচ এম নাজমুল আলম সংবাদপত্রে উপ-সম্পাদকীয় মতামত পাঠানোর বাস্তব কৌশল তুলে ধরেন। তিনি বলেন, ‘ইমেইলের সাবজেক্টে লেখার শিরোনাম লিখতে হবে। বডিতে অপ্রয়োজনীয় ভূমিকা না লিখে সরাসরি মূল লেখায় যেতে হবে। লেখার শেষে নিজের সংক্ষিপ্ত পরিচয় ও যোগাযোগ নম্বর যোগ করতে হবে। রাজনৈতিক পরিচয় বাদ দেওয়াই ভালো।’
সমাপনী বক্তব্যে সংগঠনটির উপদেষ্টা ফজলে রাব্বী লেখক ইউভাল নোয়াহ হারারির ‘নেক্সাস’ বইয়ের প্রসঙ্গ টেনে বলেন, মানবসভ্যতা মূলত তথ্যের আন্তঃসংযোগ। যেখানে বিশ্বাস, ধর্ম, ভাষা, জ্ঞান ও দর্শন সবকিছুই তথ্য হিসেবে বিবেচিত হয়। তিনি জানান, তথ্য ও স্টোরিটেলিং সঠিকভাবে উপস্থাপন এবং অপতথ্য মোকাবিলার লক্ষ্যেই এই সেশনের আয়োজন। এটি পেশাদার বাংলাদেশের জন্য প্রস্তুতিমূলক ট্রায়াল সেশন।
কর্মশালাটি সঞ্চালনা করেন নেজা মাহমুদ এবং উদ্বোধনী বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা রিয়াদ হাসনাঈন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফরওয়ার্ডের উপদেষ্টা মুর্তাজা খান লোদী, ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের ভাইস চেয়ারম্যান জাফর ইমাম, সাংবাদিক মেহদী ইসলাম। কর্মশালায় শিক্ষার্থী, অ্যাক্টিভিস্ট, সাংবাদিক এবং ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাসহ প্রায় ৩০ জন অংশ নেন।
.png)






