
এশিয়ান গেমসে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হেরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। উত্তর কোরিয়ার বিপক্ষে ১০ এবং আজকের ৬ মিলে দুই ম্যাচেই ১৬ গোল হজম করেছেন মারিয়া-ঋতুপর্ণারা।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাপানের ওসাকার নাগাই স্টেডিয়ামে গ্রুপ ‘এফ’-এর ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে দক্ষিণ কোরিয়া। আগের ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে বিধ্বস্ত হওয়ার পর বাংলাদেশের লক্ষ্য ছিল গোলের ব্যবধান কম রাখা। তবে ম্যাচের ১৬ মিনিটে কিম মিন জির গোলে এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া। এরপর ৪২ মিনিটে দলটির ফরোয়ার্ড ডি জিয়ং ব্যবধান দ্বিগুণ করেন। ফলে ২-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতির পর দ্বিতীয়ার্ধে বাংলাদেশের রক্ষণভাগকে আরও চেপে ধরে দক্ষিণ কোরিয়া। ৬৫ মিনিটে ফরোয়ার্ড চি উরির গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় দলটি। এরপর ৭৭ মিনিটে মিডফিল্ডার সি ওয়াই জির গোলে ব্যবধান ৪-০ হয়। এর ঠিক দুই মিনিট পর চি উরি নিজের দ্বিতীয় গোলটি করলে ৫-০ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে অধিনায়ক ডিফেন্ডার জিনের হেডে করা গোলে ৬-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ কোরিয়া।
কোচ পিটার বাটলারের শিষ্যরা এ আসরের টানা দুই ম্যাচে ১৬ গোল হজম করেছে। এর আগের ম্যাচে উত্তর কোরিয়ার কাছে হেরে নিজেদের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়ের শিকার হয়েছিল তারা। এশিয়ান গেমসে বাংলাদেশ শেষ ম্যাচ খেলবে আগামী ২১ সেপ্টেম্বর ওসাকার একই মাঠে মিয়ানমারের বিপক্ষে।
এর আগে মিয়ানমারকে তাদের ঘরের মাঠে ২-১ গোলে হারিয়ে চলতি বছরের এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল বাংলাদেশ।
.png)
-40e58c.jpeg)





