অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসায় কড়াকড়ি, বন্ধ হচ্ছে পরিবার নেওয়ার সুযোগ
স্ট্রিম ডেস্ক

বাংলাদেশসহ বিদেশি শিক্ষার্থীদের জন্য নির্ভরশীল বা ‘ডিপেনডেন্ট ভিসা’র নতুন আবেদন গ্রহণ বন্ধ করেছে অস্ট্রেলিয়া। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) থেকে উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় যাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্বামী-স্ত্রী ও সন্তানদের এই ভিসার আবেদন নেওয়া হচ্ছে না বলে জানিয়েছে ভিসা ও শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠানগুলো। তবে এ বিষয়ে অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। পরামর্শক প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানিয়েছেন, আজ তারা এ বিষয়ে নির্দেশনা পেয়েছেন।
অস্ট্রেলিয়ায় অভিবাসন কমানো এবং আন্তর্জাতিক শিক্ষার্থী ও সাময়িক অভিবাসীদের জন্য নিয়ম আরও কঠোর করার উদ্যোগের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক আজ নেট ওভারসিজ মাইগ্রেশন বা নিট বিদেশি অভিবাসন কমানোর লক্ষ্যে এই পরিবর্তনের ঘোষণা দিয়েছেন।
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বাড়ছে অনিশ্চয়তা
এ বিষয়ে স্ট্রিমকে এক্সপার্ট এডুকেশন অ্যান্ড ভিসা সার্ভিসেসের স্টুডেন্ট কাউন্সেলর দীপ পুরকায়স্থ বলেন, আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্বামী-স্ত্রী ও সন্তানদের অস্ট্রেলিয়ায় নেওয়ার ক্ষেত্রে নতুন বিধিনিষেধ বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করবে। তিনি বলেন, ‘আজ থেকে স্বামী-স্ত্রীর ভিসার আবেদন বন্ধ করা হয়েছে। আজই আমরা অস্ট্রেলিয়া থেকে এ বিষয়ে নির্দেশনা পেয়েছি। এমনকি যারা এরই মধ্যে অস্ট্রেলিয়ায় আছেন, তারাও স্বামী-স্ত্রী ও সন্তানদের নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধের মুখে পড়তে পারেন। আগামী দিনগুলোতে আরও বিধিনিষেধ আসতে পারে বলে আমরা ধারণা করছি।’
পুরকায়স্থ আরও বলেন, পরিস্থিতি দিন দিন কঠোর হচ্ছে। ইতিমধ্যে যারা ভিসার আবেদন জমা দিয়েছেন, তাদের আবেদনও বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে। তাঁর মতে, শিগগিরই এই পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা কম। তিনি বলেন, অস্ট্রেলিয়ার পরবর্তী ফেডারেল নির্বাচনের আগে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তিনি মনে করেন না।
পিএসআই গ্লোবাল বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাহিদুল ইসলাম জাহিদ বলেন, নতুন আন্তর্জাতিক শিক্ষার্থীরা এখন থেকে স্বামী-স্ত্রী ও সন্তানদের ‘সেকেন্ডারি অ্যাপ্লিক্যান্ট’ হিসেবে ভিসার আবেদন করতে পারবেন না। অর্থাৎ, উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় যাওয়া নতুন শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের নির্ভরশীল হিসেবে সঙ্গে নেওয়ার সুযোগে নতুন করে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত নির্দেশনা প্রকাশ না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্তের পরিধি এবং ইতিমধ্যে আবেদন করা শিক্ষার্থীদের ক্ষেত্রে এর প্রভাব কতটা পড়বে, তা পুরোপুরি স্পষ্ট নয়।
.png)
-40e58c.jpeg)





