বিলুপ্ত হল র‍্যাব, অনুমোদন পেলো নতুন বাহিনী ‘এসআরবি’

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

সংসদে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬ উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। ছবি: সংসদ বাংলাদেশ টিভি
সংসদে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬ উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। ছবি: সংসদ বাংলাদেশ টিভি

র‍্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে নতুন বিশেষায়িত বাহিনী ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ গঠনের আইনি অনুমোদন দিয়েছে জাতীয় সংসদ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের শেষ দিনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ পাস হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বিলটি সংসদে উত্থাপন করেন। বিরোধী দলের সদস্যরা বিলটি জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব দেন। তবে তাদের প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। আসরের নামাজের বিরতির পর বিলের বিভিন্ন ধারা ও সংশোধনী নিয়ে ভোট হয়। পরে হ্যাঁ-না কণ্ঠভোটে বিলটি জাতীয় সংসদে পাস হয়।

বিলটির বিরোধিতা করে বিরোধী দলের সদস্যরা বলেন, র‍্যাবের বিদ্যমান জনবল, অবকাঠামো, যানবাহন ও সরঞ্জাম নতুন বাহিনীতে স্থানান্তর করা হলে শুধু নাম ও সাইনবোর্ড পরিবর্তন হবে। চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন ও শেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. রাশেদুল ইসলাম রাশেদ গুম, হত্যা ও নির্যাতনের অভিযোগ তদন্তে স্বাধীন কমিশন গঠনের দাবি জানান।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বলেন, গুরুত্বপূর্ণ একটি আইন মাত্র চার কার্যদিবসে পাসের উদ্যোগ নেওয়া হয়েছে। পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নজিবুর রহমান বলেন, র‍্যাব সদস্যদের বিরুদ্ধে ওঠা অপরাধের বিচার করতে অতিরিক্ত মহাপরিচালকের নেতৃত্বে অভ্যন্তরীণ কমিটি হলে তা নিরপেক্ষ হবে না।

বিরোধীদলীয় নেতা ও ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ড. শফিকুর রহমান বিলটি পাস না করার আহ্বান জানান। তিনি সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে বিলটি পুনর্বিবেচনার দাবি করেন।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দেওয়া প্রতিশ্রুতি এবং সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী র‍্যাব বিলুপ্ত করা হচ্ছে।

তিনি বলেন, ‘সমাজের চাহিদা এবং রাষ্ট্র পরিচালনায় জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে ইউনিট কিংবা বাহিনীতে পরিবর্তন আনতে হয়। সেজন্য আমরা এটা করছি। একটি সংস্থা গঠনের সঙ্গে আরেকটি বিলুপ্তির সম্পর্ক নেই। নতুন বাহিনীটা আমরা এ কারণে করছি যে, আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধীনে র‍্যাব গঠন করা হয়েছিল। সেই আইনটি পূর্ণাঙ্গ ছিল না। একটা সেকশনের অধীনে ইউনিটটি কাজ করছিল।’

তিনি আরও বলেন, ‘সেজন্য আর্মড পুলিশ ব্যাটালিয়ন থেকে আমরা এটা বের করে নিয়ে এসে বিলুপ্ত করতে চাই। একইসঙ্গে এই আইনে ইংরেজিতে কিছু অস্পষ্টতা ছিল, সেই আইনটাও আমরা অনুবাদ করে নতুন আইন হিসেবে নিয়ে আসছি।’

র‍্যাবের অস্ত্র-সরঞ্জাম নতুন বাহিনীতে স্থানান্তর নিয়ে আপত্তির জবাবে মন্ত্রী বলেন, ‘এত অস্ত্র-শস্ত্র, এত ইকুইপমেন্ট, এত ইন্টেলিজেন্স ইকুইপমেন্ট, এত সম্পদ— এগুলো কোথায় যাবে? কোথাও না কোথাও তো যাবে। রাষ্ট্রের সম্পদ।’

বিল অনুযায়ী, এসআরবি পুলিশের অধীনে বিশেষায়িত ইউনিট হিসেবে কাজ করবে। পুলিশ, সশস্ত্র বাহিনী ও নির্ধারিত অন্যান্য বাহিনী থেকে নিয়োগ বা প্রেষণের মাধ্যমে জনবল নেওয়া যাবে। বাহিনীর নিজস্ব পতাকা, প্রতীক ও পোশাক থাকবে। অতিরিক্ত আইজিপি বা তার ঊর্ধ্ব পদমর্যাদার একজন কর্মকর্তা বাহিনীটির মহাপরিচালক হবেন।

এসআরবিকে অপরাধ তদন্ত, তল্লাশি, গ্রেপ্তার ও জব্দের ক্ষমতা দেওয়া হয়েছে। র‍্যাবের বিদ্যমান জনবল, কার্যালয়, যানবাহন, অস্ত্র, সরঞ্জাম, নথি ও অন্যান্য সম্পদ নতুন বাহিনীতে স্থানান্তরের বিধান রাখা হয়েছে। পুলিশের অধীনে পৃথক সাইবার নিরাপত্তা ইউনিট গঠনের প্রক্রিয়াও চলছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত