ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে বিলিয়ন ডলারের ঋণচুক্তি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

দেশের একমাত্র জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি। ছবি: সংগৃহীত
দেশের একমাত্র জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি। ছবি: সংগৃহীত

দেশের একমাত্র সরকারি জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) দ্বিতীয় ইউনিট নির্মাণে ঋণচুক্তি করেছে সরকার। চুক্তি অনুযায়ী, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) এই প্রকল্পে ১ বিলিয়ন ডলার (১২ হাজার ২৮০ কোটি টাকা) অর্থায়ন করবে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও আইডিবি গ্রুপের চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসেরের উপস্থিতিতে এই চুক্তি হয়। বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমান এবং আইডিবির পক্ষে গ্রুপের ডিরেক্টর জেনারেল (কান্ট্রি প্রোগ্রামস) আনাসি আইসামি।

১৯৬৮ সালে চট্টগ্রামের পতেঙ্গায় প্রতিষ্ঠিত হয় ইস্টার্ন রিফাইনারি। এরপর দেশে তেলের চাহিদা বাড়লেও এর পরিশোধনক্ষমতা বাড়ানো হয়নি। এবার পতেঙ্গায় নিজস্ব জায়গায় ইআরএলের দ্বিতীয় তেল পরিশোধন ইউনিট তৈরির উদ্যোগ নিল বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে গত ২৩ ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ইআরএল আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়। ব্যয় ধরা হয় ৩১ হাজার কোটি টাকা।

বিপিসি জানিয়েছে, প্রকল্পটি ২০৩০ সালের নভেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। এটি বাস্তবায়িত হলে ইআরএলের বার্ষিক পরিশোধনক্ষমতা ১৫ লাখ টন থেকে বেড়ে প্রায় ৪৫ লাখ হবে। এতে দেশে জ্বালানি তেলের চাহিদার প্রায় ৪৫ থেকে ৫০ শতাংশ স্থানীয়ভাবে পরিশোধনের মাধ্যমে পূরণ করা সম্ভব হবে।

চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রবাসী কল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা মাহদী আমিন, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার প্রমুখ।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত