ঢাকা মহানগরকে সিসিটিভি নজরদারিতে আনার উদ্যোগ সরকারের

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ৩৪
সংসদে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। ছবি: সংসদ বাংলাদেশ টিভি
সংসদে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। ছবি: সংসদ বাংলাদেশ টিভি

ঢাকা মহানগরকে সিসিটিভি নজরদারিতে আনতে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পুনর্গঠন হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে এ কথা বলেন তিনি।

ঢাকা-৫ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেনের লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ডেভেলপমেন্ট অব স্মার্ট পুলিশিং ইন ডিএমপি’ শীর্ষক প্রকল্প বর্তমানে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অনুমোদনহীন তালিকায় রয়েছে।

তিনি জানান, ২০২৬ সালের ২৪ মে যাচাই কমিটির বৈঠকের সিদ্ধান্তের ভিত্তিতে ডিপিপি সংশোধনের কাজ চলছে। প্রস্তাবটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) অনুমোদন দিলে পুরো ঢাকা মহানগর এলাকাকে আধুনিক ক্যামেরার আওতায় আনার কার্যক্রম শুরু হবে।

কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবালের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কোস্ট গার্ডের দক্ষতা বাড়াতে স্থানীয় ডকইয়ার্ডে পাঁচটি নতুন ইনশোর প্যাট্রোল ভেসেল (আইপিভি) নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি বাহিনীর গবেষণা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কোস্ট গার্ড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার (সিআরডিসি) এবং আধুনিক কোস্টাল সার্ভেইল্যান্স সিস্টেম (সিএসএস) প্রতিষ্ঠার কাজ এগিয়ে চলছে।

সংরক্ষিত নারী আসন-৪৯-এর স্বতন্ত্র সংসদ সদস্য সুলতানা জেসমিনের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, থার্মাল ক্যামেরা এবং ড্রোনের মতো আধুনিক প্রযুক্তির মাধ্যমে ভারত ও মিয়ানমার সীমান্ত দিয়ে দেশে মাদক প্রবেশের পথ স্থায়ীভাবে বন্ধ করার তৎপরতা চলছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত