ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি, নতুন তিন সদস্য নিয়োগ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ২১: ০৬
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তিন পূর্ণকালীন সদস্যকে অব্যাহতি দিয়ে নতুন তিনজনকে পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ রোববার (২৬ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন সিনিয়র সহকারী সচিব নাঈমা খন্দকার।

নতুন নিয়োগ পাওয়া তিন সদস্য হলেন– ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের অধ্যাপক মো. মেহেদী খান, একই বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক মো. আসলাম হোসেন এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাস্কুলার সার্জারি বিভাগের অধ্যাপক নিয়াজ আহমেদ চৌধুরী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাদের চার বছরের জন্য এই নিয়োগ দেওয়া হয়েছে। তবে সরকার প্রয়োজন মনে করলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারবে।

অন্য প্রজ্ঞাপনে ইউজিসির যে তিন সদস্যকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, তারা হলেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. সাইদুর রহমান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আইয়ুব ইসলাম।

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর তৎকালীন ইউজিসির চেয়ারম্যানসহ সদস্যরা পদত্যাগ করেন। এরপর ইউজিসিতে চেয়ারম্যানসহ নতুন সদস্য নিয়োগ দেওয়া হয়। ওই সময় নিয়োগ পেয়েছিলেন এই তিন সদস্য।

Ad 300x250

সম্পর্কিত