ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগে ছাত্র-জনতাকে অভিনন্দন নাহিদ ইসলামের

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
সিলেট

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ১৮: ২৮
সিলেটে ১১ দলীয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। স্ট্রিম ছবি

ভারতে আন্দোলনের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ করায় ছাত্র-জনতাকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সিলেটের ১১ দলীয় সমাবেশে তিনি বলেন, ভারতের শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন। বাংলাদেশের জুলাই বিপ্লবীদের পক্ষ থেকে ভারতের আন্দোলনরত শিক্ষার্থীদের অভিনন্দন জানাই।

শনিবার (২৫ জুলাই) সিলেটে ১১ দলীয় ঐক্যের সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘সরকার ৩১ দফার মুলা ঝুলিয়ে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। সংস্কার না করায় দেশের অর্থনৈতিক সংকট মোকাবেলায় সরকার আন্তর্জাতিক সহায়তা পাচ্ছে না।’ সংবিধান সংস্কারের দাবি জানিয়ে নাহিদ বলেন, ‘দেশের মানুষ সংস্কারের জন্য জীবন দিয়েছে, কিন্তু বিএনপির কিছু বুদ্ধিজীবী বলছে সংশোধন প্রয়োজন।’ সব সরকারি সংস্থাকে বিএনপি দলীয়করণ করেছে বলেও অভিযোগ করেন তিনি।

শনিবার দুপুরে নগরের আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সমাবেশের সভাপতিত্ব করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

এর আগে আজ দুপুরে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। আন্দোলনের মুখে নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় এটিই প্রথম কোনো পদত্যাগ।

Ad 300x250

সম্পর্কিত