ট্রেনযাত্রায় প্রবীণ ও প্রতিবন্ধীরা ২৫% ছাড় পাবেন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২৪ মে ২০২৬, ২১: ৪০
বিভিন্ন রুটে চলাচলকারী ট্রেন। ছবি: সংগৃহীত

প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ট্রেন ও মেট্রোরেলের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। সোমবার (২৫ মে) থেকে এই সুবিধা কার্যকর হবে।

রোববার (২৪ মে) রেলপথ মন্ত্রণালয় ও ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পৃথক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

রেলপথ মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে যাত্রীর বয়স ৬৫ বছর বা তার বেশি হতে হবে। অনলাইনে টিকিট কাটার সময় জাতীয় পরিচয়পত্রের তথ্য থেকে বয়স স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হবে। এই ছাড় কেবল ভাড়ার ভিত্তিমূল্যের ওপর প্রযোজ্য হবে। সার্ভিস চার্জ, ভ্যাটসহ অন্যান্য মাশুল বিদ্যমান হার অনুযায়ী পরিশোধ করতে হবে। একজন প্রবীণ সপ্তাহে সর্বোচ্চ দুইবার এই সুবিধা পাবেন।

নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রতিবন্ধী যাত্রীদের জন্য আন্তঃনগর ট্রেনের সুলভ বা শোভন শ্রেণিতে বিদ্যমান ৫০ শতাংশ ছাড়ের পাশাপাশি নতুন করে সব শীতাতপনিয়ন্ত্রিত (এসি) শ্রেণিতে ২৫ শতাংশ ছাড় দেওয়া হবে। প্রতিবন্ধী যাত্রীদের জন্য আপাতত কেবল স্টেশন কাউন্টার থেকে টিকিট কেনার ক্ষেত্রে এই সুবিধা কার্যকর হবে।

ডিএমটিসিএলের উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী জানান, ৬৫ বছর বা তার বেশি বয়সীরা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখিয়ে এবং প্রতিবন্ধীরা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ‘সুবর্ণ’ কার্ড দেখিয়ে মেট্রোরেলের একক যাত্রার টিকিটে এই ছাড় পাবেন।

সোমবার (২৫ মে) দুপুরে রাজধানীর ফার্মগেট মেট্রোস্টেশনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এই কার্যক্রমের উদ্বোধন করবেন।

সম্পর্কিত