নাটোরে ৪৮ ঘণ্টায় ডায়রিয়ায় শতাধিক রোগী হাসপাতালে

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ৫০
নাটোরে ডায়রিয়ার প্রকোপে ৪৮ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১০৬। সংগৃহীত ছবি
নাটোরে ডায়রিয়ার প্রকোপে ৪৮ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১০৬। সংগৃহীত ছবি

নাটোরে হঠাৎ বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। গত ৪৮ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকা থেকে ডায়রিয়ায় আক্রান্ত ১০৬ জন ভর্তি হয়েছেন নাটোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ৪৮ ঘণ্টায় ভর্তি হওয়া ১০৬ রোগীর মধ্যে ৫৯ পুরুষ এবং ৪৭ জন নারী ও শিশু। অধিকাংশই নাটোর পৌরসভার কানাইখালী, কান্দিভিটা, চকরামপুর, পটুয়াপাড়া, রামাইগাছি ও বড় হরিশপুর এলাকার বাসিন্দা।

রোগী বেড়ে যাওয়ায় স্যালাইনসহ প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রীর ওপর চাপ তৈরি হয়েছে। বাইরে থেকে স্যালাইন কিনতে হচ্ছে বলে অভিযোগ করেছেন রোগীর স্বজনরা। তবে পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

নাটোরের সিভিল সার্জন ডা. মুহম্মদ মশিউর রহমান জানান, গত এক সপ্তাহে ৫১৬ এবং গত ২৪ ঘণ্টায় ৪৭ জন ডায়রিয়ার রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগের ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছিলেন ৫৯ জন। এখনো রোগীর সংখ্যা বাড়ছে। তবে চিকিৎসার জন্য প্রয়োজনীয় স্যালাইন ও অন্যান্য সামগ্রী মজুত রয়েছে।

চিকিৎসকদের ধারণা, আবহাওয়া, পানি ও অন্যান্য কারণে ডায়রিয়ার প্রকোপ বাড়তে পারে।

চিকিৎসা নিতে আসা নাটোর পৌরসভার হরিশপুর মহল্লার ব্যবসায়ী নুরুল ইসলাম ও তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, প্রতিদিনের মতো গতকাল রাতেও তাঁরা ডাল, আলু ও ভাত খেয়েছেন। পাশাপাশি পৌরসভার সরবরাহ করা পানিও পান করেছিলেন। খাবার খাওয়ার কিছুক্ষণ পরই দুজনের পেটে সমস্যা দেখা দিলে রাতেই হাসপাতালে ভর্তি হন তাঁরা।

হাসপাতালে চিকিৎসাধীন আরও কয়েকজন রোগী জানান, তাঁরা প্রতিদিনের মতোই স্বাভাবিক খাবার খেয়েছেন। সেই সঙ্গে পৌরসভার সরবরাহ করা পানি পান করেছিলেন।

এ বিষয়ে নাটোর পৌরসভার পৌর প্রশাসক ও স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. শামীম হোসেন জানান, পৌরসভার সরবরাহ করা পানিতে কোনো সমস্যা নেই। গত বছর আইইডিসিআরের প্রতিনিধিদলও পানিতে ডায়রিয়ার জীবাণু পায়নি। এমনকি বগুড়া থেকেও পানির নমুনা পরীক্ষা করা হয়েছিল, সেখানেও কোনো জীবাণু পাওয়া যায়নি। চলতি বছরও পানির নমুনা পুনরায় পরীক্ষা করার বিষয়ে আলোচনা চলছে।

এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরেও নাটোরে ডায়রিয়ার প্রাদুর্ভাবে পাঁচ শতাধিক মানুষ হাসপাতালে চিকিৎসা নেন। পরিস্থিতির কারণ অনুসন্ধানে আইইডিসিআরের একটি প্রতিনিধিদল তদন্তে এলেও নির্দিষ্ট কারণ উদ্ঘাটন হয়নি। পানির নমুনা পরীক্ষা করে কোনো জীবাণু পাওয়া যায়নি বলে জানানো হয়।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত