এবার সোনারগাঁয়ে সাদা-কালো পতাকা

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ে কালেমা-খচিত পতাকা টানান একদল যুবক। সংগৃহীত ছবি

ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের পর এবার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকায় সাদা কাপড়ে কালো কালিতে আরবি হরফে কালেমা-খচিত পতাকা উড়তে দেখা গেছে। মঙ্গলবার (৩০ জুন) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তায় একদল যুবককে এসব পতাকা হাতে দেখা যায়।

পতাকা হাতে থাকা যুবকদের একজন মাওলানা আব্দুর রহমান জামিল। তিনি সোনারগাঁয়ের বড়সাদিপুর কেন্দ্রীয় মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

মাওলানা আব্দুর রহমান জামিল বলেন, ‘আমরা সোনারগাঁয়ে প্রথম কালিমার পতাকা টানাচ্ছি। কয়েকদিন আগে যাত্রাবাড়ী ফ্লাইওভার থেকে কিছু ভাই কালেমার পতাকা খুলে পুড়িয়ে ফেলেছে। যেহেতু বিশ্বকাপ চলছে, সারা দেশে বিভিন্ন দেশের পতাকা টানানো হচ্ছে। আমরা মুসলমানরা বিভিন্ন বিধর্মী পতাকার পরিবর্তে মুসলমান হিসেবে কালেমার পতাকা সবার সামনে তুলে ধরতে চাই।’

তিনি আরও বলেন, ‘মুসলমানদের আবেগ ও দায়িত্বের জায়গা থেকে আমরা এই পতাকার মাধ্যমে জানাতে চাচ্ছি, আমরাও মুসলমানদের পক্ষে আছি। সারাবিশ্বে কালেমার পতাকা সম্মানিত হবে, এটাই আমাদের প্রত্যাশা।’

তার দাবি, সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা, বড়সাদিপুর এবং সোনারগাঁ কলেজের আশপাশ এলাকায় প্রাথমিকভাবে প্রায় ১০০টি পতাকা টানানো হয়েছে।

এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার স্ট্রিমকে বলেন, এ বিষয়ে আমি অবগত নই। যেনে পরে বিস্তারিত জানাতে পারব।

এর আগে নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট, জালকুড়ি ও ভূঁইগড় এলাকায় একই ধরনের সাদা-কালো পতাকা দেখা যায়। স্থানীয় চা বিক্রেতারা জানান, কয়েকদিন আগে রাতের বেলায় মাদ্রাসার কিছু ছাত্র এসে এসব পতাকা টানিয়ে যায়। তাদের ভাষ্য অনুযায়ী, পতাকাগুলোতে আল্লাহর রাসুলের নামে কালেমা লেখা ছিল।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত