অফিস সহকারীর বাসায় সরকারি ত্রাণ, অভিযোগ যাচ্ছে দুদকে

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ফেনী

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ১১: ২৫
সরকারি ত্রাণসামগ্রী উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। ছবি: সংগৃহীত

ফেনীর ফুলগাজীতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের সাবেক অফিস সহকারীর বাসা থেকে সরকারি ত্রাণসামগ্রী উদ্ধারের ঘটনায় দুদকে অভিযোগ করা হয়েছে। অভিযোগটি দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ফুলগাজী সদর বাজারের দক্ষিণ পাশে আবদুল বাকেরের (৬৫) বাসার নিচতলা থেকে এসব ত্রাণসামগ্রী উদ্ধার করা হয়।

আবদুল বাকের ২০২৪ সালে ফুলগাজী পিআইও কার্যালয়ে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি নোয়াখালীর একটি উপজেলায় কর্মরত আছেন। তবে ফুলগাজীর ওই ভবনে বাকেরের পরিবার এখনো বসবাস করেন।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, স্থানীয়দের কাছ থেকে ওই বাসায় সরকারি ত্রাণসামগ্রী মজুতের খবর পেয়ে অভিযান চালানো হয়। ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাউসার হামিদের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ বাসিন্দারাও সেখানে উপস্থিত ছিলেন।

উদ্ধার হওয়া মালামালের মধ্যে রয়েছে, ৩০০ কেজি চাল, ৩২ লিটার সয়াবিন তেল, ৩০ কেজি লবণ, ৩০ কেজি চিনি, ৩৩ কেজি মসুর ডাল, ২০০ গ্রাম ওজনের ৩০ প্যাকেট হলুদের গুঁড়া, ১০০ গ্রাম ওজনের ৩২ প্যাকেট মরিচের গুঁড়া এবং ৩১ প্যাকেট ধনিয়ার গুঁড়া। মোট ১০ বস্তা ত্রাণের প্যাকেট ও তিন বস্তা শুকনো খাবার জব্দ করা হয়।

​ইউএনও মোহাম্মদ কাউসার হামিদ জানান, ২০২৪-২৫ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ এসেছিল। জব্দ করা এসব পণ্য বর্তমানে থানা হেফাজতে রয়েছে।

​ফুলগাজী থানার পরিদর্শক (তদন্ত) মো. নূরুল ইসলাম জানান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাজীব আহম্মেদ বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাটি দুদকের তফসিলভুক্ত হওয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে দুদকে প্রেরণ করা হচ্ছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত