গ্যাসের দাবিতে ৫ ঘণ্টা জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা

জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে সিএনজি চালকদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

জামালপুরে নতুন গ্যাস পাম্প স্থাপন ও চলমান গ্যাস সংকট নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজি অটোরিকশা চালকেরা। এতে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও চালকেরা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোর ৬টায় মহাসড়ক অবরোধ শুরু করে ১১ পর্যন্ত রাস্তা আটকে রাখেন চালকেরা।

উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আখতার ও ওসি নাজমুস সাকিবের আশ্বাসে সড়ক ছেড়ে দেন সিএনজি চালকরা।

চালকদের অভিযোগ, জামালপুরে দীর্ঘদিন ধরে মাত্র একটি পাম্প থেকে সিএনজি অটোরিকশায় গ্যাস সরবরাহ করা হচ্ছে। এর বিপরীতে জেলায় চলাচল করা মোট সিএনজি অটোরিকশার সংখ্যা প্রায় পাঁচ হাজার। এই বিপুলসংখ্যক সিএনজির বিপরীতে মাত্র একটি গ্যাস পাম্প থাকায় প্রতিদিনই দীর্ঘ সারিতে দাঁড়িয়ে গ্যাস নিতে হয় তাদের। অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গ্যাস না পেয়ে ফিরে যেতে হয় তাঁদের। এতে আয়-রোজগার কমে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন চালকেরা।

সিএনজি চালক জয়নাল আবেদীন বলেন, ‘রাত দুইটা থেকে লাইনে দাঁড়িয়ে আছি। হঠাৎ শুনি গ্যাস নেই। মাঝেমধ্যেই এমন হয়। জামালপুরে এত সিএনজি, অথচ গ্যাস পাম্প মাত্র একটি। এর ওপর গ্যাসের সংকট। তাই আমরা বাধ্য হয়ে রাস্তা অবরোধ করেছি। আমরা নতুন গ্যাস পাম্প এবং গ্যাস সংকটের স্থায়ী সমাধান চাই।’

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ‘গ্যাস পাম্প ও গ্যাস সংকটের কারণে সিএনজি চালকেরা মহাসড়ক অবরোধ করেছেন। আমরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলছি। যান চলাচল স্বাভাবিক করতে তাঁদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে।’

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত