ত্রিশালে মোবাইল চুরির অভিযোগে শিশু নির্যাতন, ক্ষোভ

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ত্রিশাল, ময়মনসিংহ

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০৮: ৪১
ভিডিও থেকে নেওয়া ছবি

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া মোবাইল ফোন চুরির অভিযোগ তুলে দুই শিশুকে নির্মমভাবে নির্যাতনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ২৭ মার্চ ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের ধলা এলাকায় এ ঘটনা ঘটে।

ধলা এলাকার সুজন মিয়া, মাসুমসহ আরও কয়েকজন মোবাইল ফোন চুরির অভিযোগ তুলে আরফাত ও রিয়াদ নামের দুই শিশুকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন চালায়। তাদের শরীরে বৈদ্যুতিক শক দেওয়া, পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা এবং শৌচাগারের ময়লা পানি খাওয়ানোর মতো নির্যাতনের অভিযোগ উঠেছে।

ভিডিওতে শিশুদের বলতে শোনা যায়, ‘ভাইরে, বড় ভাইগো, মারিস না।’

নির্যাতনের শিকার দুই শিশু সহোদর এবং তারা দরিদ্র পরিবারের সন্তান। তাদের বাবা দিনমজুর এবং মা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালান।

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্যাতনের একপর্যায়ে দুই শিশু গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।

ঘটনার এক সপ্তাহ পর শুক্রবার (৩ মার্চ) ভুক্তভোগী শিশুদের ফুফাতো বোনের স্বামী মো. ফজলুল হক ত্রিশাল থানায় একটি লিখিত অভিযোগ করেন বলে জানান। তবে এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য এলাকার কয়েকজন আপস-মীমাংসা করার চেষ্টা চালাচ্ছেন বলেও জানা যায়।

এ বিষয়ে চেষ্টা করেও অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, ‘এখনো অভিযোগ পায়নি, তবে ব্যবস্থা নিচ্ছি আমরা। প্রধান অভিযুক্তের ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসছি।’

তবে থানায় দেওয়া অভিযোগের কপি হাতে প্রতিবেদকের হাতে আছে জানালে ওসি কথা পরিবর্তন করে বলেন, ‘একটা অভিযোগ আমরা পাইছি। যাচাই-বাছাই করছি। তবে ভিডিওর ভিত্তিতে আমরা স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত চালাচ্ছি এবং অভিযুক্তদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।’

ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) পলাশ চন্দ্র রায় বলেন, ‘এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত মাসুমের ভাই আব্দুল্লাহ আল মামুনকে আটক করা হয়েছে।’

সম্পর্কিত