সোয়া দুই ঘণ্টা পর কালশি বস্তির আগুন নিয়ন্ত্রণে

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরের কালশি বস্তিতে লাগা ভয়াবহ আগুন ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের সোয়া দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (২৫ মে) রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পানির তীব্র সংকটে কাজ করতে কর্মীদের বেগ পেতে হয়েছে।

সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা তালহা বিন জসিম সোমবার রাতে আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে কালশি বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংবাদ পাওয়ার মাত্র ৯ মিনিটের মাথায় প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নেভানোর কাজ শুরু করে। পরিস্থিতির ভয়াবহতায় একে একে যোগ দেয় পল্লবী, মিরপুর ও কুর্মিটোলাসহ আশপাশের বিভিন্ন ফায়ার স্টেশনের কর্মী ও গাড়ি।

সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

তালহা বিন জসিম জানান, শুরুতে ১৩টি ইউনিট একযোগে কাজ শুরু করলেও আশপাশে পানির তীব্র স্বল্পতা থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছিল। পরে আরও দুটি ইউনিট যুক্ত হয়ে মোট ১৫টি ইউনিটের প্রচেষ্টায় রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।'

বর্তমানে আগুন নিয়ন্ত্রণে থাকলেও পুরোপুরি নির্বাপণ ও ডাম্পিংয়ের কাজ এখনো চলছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা কোনো হতাহতের খবর ফায়ার সার্ভিস এখনো নিশ্চিত করতে পারেনি।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত