leadT1ad

অর্ধেক আসনে পৌঁছেছে ব্যালট, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ইসি

অর্ধেকের বেশি আসনে ব্যালটসহ নির্বাচনী সরঞ্জাম পৌঁছে গেছে। ছবি: বাসস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি মাত্র ৬ দিন। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের শেষ মুহূর্তের কাজ গোছাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এরই মধ্যে অর্ধেকের বেশি আসনে ব্যালট পেপার পৌঁছে গেছে। ভোটকেন্দ্রের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো আগেই শেষ করেছে ইসি। নির্বাচন পর্যবেক্ষণে সাংবাদিক ও পর্যবেক্ষকের কার্ড দেওয়াও শুরু হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, ইতোমধ্যে ৩৬টি জেলার ১৪৪টি আসনে ব্যালট পাঠানো হয়েছে। জেলাগুলো হলো–পটুয়াখালী, বরিশাল, বরগুনা, পিরোজপুর, হবিগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, জয়পুরহাট, নাটোর, পাবনা, নওগাঁ, মানিকগঞ্জ, নরসিংদী, ঠাকুরগাঁও, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, ফেনী, সিলেট, খুলনা, মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, রাজবাড়ি, শরিয়তপুর, মাদারীপুর, সুনামগঞ্জ, ভোলা, ঝালকাঠী, সিরাজগঞ্জ, বগুড়া, শেরপুর, নেত্রকোণা, নোয়াখালী ও কক্সবাজার।

ইসির কর্মকর্তারা জানান, স্বচ্ছ ব্যালট বক্স, অমোচনীয় কালির কলম, সিলমোহরসহ (অফিসিয়াল সিল) কিছু সরঞ্জাম ইসি সরাসরি সরবরাহ করে। এগুলো আগেই সব জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। এখন শুধু ব্যালট পাঠানো হচ্ছে।

ইসির উপসচিব রাশেদুল ইসলাম স্ট্রিমকে জানান, তারা ইতোমধ্যে ৩৬ জেলার সবগুলো আসনে ব্যালট পেপার পাঠিয়ে দিয়েছেন। বৃহস্পতিবারের মধ্যে আরও কিছু জেলায় ব্যালট গেছে। ইসির লক্ষ্য, ৭ তারিখের মধ্যে সব জেলায় ব্যালট পেপার পাঠানো। দুই-একটি জেলা বাকি থাকলে ৮ তারিখ পাঠানো হবে।

এদিকে ব্যালট পাঠাতে এই সময়কেও অনেকে দেরি বলছেন। এ বিষয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আশা করি, ৭ তারিখের ভেতর সব আসনে ব্যালট পৌঁছে যাবে। কিছুটা দেরি হওয়ার কারণ কয়েকটি আসনে ব্যালট পুনর্মুদ্রণ করতে হয়েছে। আদালতের নির্দেশে শেষ মুহূর্তে কয়েকজন প্রার্থীতা ফিরে পাওয়ায় তাদের প্রতীক দিয়ে ব্যালট ছাপাতে হয়েছে। না হলে আমরা ঠিক সময়েই সব আসনে ব্যালট পাঠাতে পারতাম।

তিনি আরও বলেন, ‘আমাদের এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ হচ্ছে তথ্যের অপপ্রচার ঠেকানো। আমরা চেষ্টা করছি যতটুকু অপপ্রচার বন্ধ করা যায়। আশা করি, এটাকে একটা সম্মানজনক পরিস্থিতিতে নিয়ে যেতে পারব।’

ব্যালট ছাড়া আর যা পাঠিয়েছে ইসি

ব্যালট পাঠানোর আগে ভোটগ্রহণে প্রয়োজনীয় কিছু সরঞ্জাম কেন্দ্রগুলোতে পাঠায় ইসি। এর মধ্যে প্রতি ভোটকক্ষের জন্য পাঠানো হয়– ১টি স্বচ্ছ ব্যালট বাক্স ও ঢাকনা, অমোচনীয় কালির ১টি কলম, রাবারের সিলমোহর (অফিসিয়াল সিল) ১টি, ভোটার কর্তৃক ব্যালট পেপার চিহ্নিত করার ২টি রাবারের সিলমোহর (মার্কিং সিল), ১টি স্ট্যাম্প প্যাড ও স্বচ্ছ ব্যালট বাক্সের ৫টি সিল (লক)।

আর ভোটকেন্দ্রের জন্য পাঠানো হয়– অতিরিক্ত ১টি স্বচ্ছ ব্যালট বাক্স ও ঢাকনা, ১ কপি ভোটার তালিকা (ছবিসহ), অমোচনীয় কালির অতিরিক্ত ২টি কলম, অতিরিক্ত ১টি রাবারের সিলমোহর, ভোটার কর্তৃক ব্যালট পেপার চিহ্নিত করার অতিরিক্ত ২টি রাবারের সিলমোহর, অতিরিক্ত ১টি স্ট্যাম্প প্যাড, ২০০ গ্রামের ১ প্যাকেট গালা, ১টি পিতলের সিলমোহর (ব্রাস সিল), ১টি চার্জার লাইট, ১টি ক্যালকুলেটর, ১টি স্ট্যাপলার, ১ প্যাকেট স্ট্যাপলার পিন, দ্রব্যাদি বহনের জন্য ১টি চটের খলি, মনিহারি দ্রব্যাদি বহনের জন্য ১টি ছোট চটের খলি ও অতিরিক্ত ৫টি স্বচ্ছ ব্যালট বাক্সের সিল।

এছাড়া চারটি ইস্যুকৃত ও ব্যবহৃত স্বচ্ছ বাক্সের বিবরণী ফরম, তিনটি টেন্ডার্ড ভোটের তালিকার ফরম, পাঁচটি আপত্তিকৃত ভোটের তালিকা ফরম, পাঁচটি ভোটগণনার বিবরণী ফরম ও ব্যালট পেপারের হিসাব দেওয়ার আটটি ফরমও ভোটকেন্দ্রগুলোর জন্য পাঠিয়েছে ইসি।

এর বাইরে ভোট কার্যক্রমের জন্য অনেকগুলো প্যাকেট ও খামও পাঠিয়েছে ইসি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো– বৈধ ব্যালট রাখার ১০টি প্যাকেট (প্রার্থী প্রতি একটি), গণনা থেকে বাদ দেওয়া ব্যালট রাখার জন্য ২টি প্যাকেট, অব্যবহৃত ব্যালট রাখার ২টি প্যাকেট, নষ্ট ব্যালট রাখার ২টি প্যাকেট, টেন্ডার্ড ব্যালট রাখার ৩টি প্যাকেট, আপত্তিকৃত ব্যালট রাখতে ৪টি প্যাকেট, চিহ্নিত ভোটার তালিকা রাখতে ২টি প্যাকেট, ভোট গণনার হিসাব রাখতে ২টি প্যাকেট ও ভোটকেন্দ্র থেকে ডাকযোগে নির্বাচন কমিশন সচিবালয়ে ভোট গণনার বিবরণী পাঠাতে ২টি বিশেষ খাম।

স্থানীয়ভাবেও কিনতে হবে কিছু সরঞ্জাম

ইসির পাঠানো সরঞ্জামের বাইরেও কিছু দ্রব্য স্থানীয়ভাবে পাঠানোর নির্দেশ রয়েছে ইসির। এর মধ্যে রয়েছে– ভোটগ্রহণ কর্মকর্তার জন্য ১টি বল পয়েন্ট কলম এবং অন্য কর্মকর্তার জন্য ১টি কলম, আধা দিস্তা সাদা কাগজ ও কার্বন কাগজ, ২ সাঁট কার্বন কাগজ, একটি ছুরি, একটি সুঁই, একটি সুতা, ৬টি মোমবাতি, ১টি গামপট, ১টি দিয়াশলাই, ১টি টিউব গ্লু ও ১ শিশি স্ট্যাম্প প্যাডের কালি। আর মুড়িপত্র থেকে ব্যালট আলাদা করতে ১টি লোহা বা প্লাস্টিকের তৈরি পাত এবং পুরুষ-নারী প্রবেশ-বাহির, ভোটকক্ষ নম্বর ও প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, পোলিং এজেন্ট লেখা প্ল্যাকার্ড।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত