জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

১০ দলের ভোট শূন্য শতাংশ, কেমন করল বামেরা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

স্ট্রিম গ্রাফিক

ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়া ১০টি রাজনৈতিক দল শূন্য শতাংশ ভোট পেয়েছে। আর ৪৫টি পেয়েছে এক শতাংশের নিচে। এবার বিএনপি, জামায়াতে ইসলামীসহ নিবন্ধিত ৫১টি দল নির্বাচনে অংশ নেয়। ২৯০ আসনে অংশ নিয়ে সর্বোচ্চ ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট পেয়েছে বিএনপি।

রোববার (১৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) দলভিত্তিক ভোটের হারে এমন চিত্র উঠে এসেছে। যেসব দল শূন্য শতাংশ ভোট পেয়েছে, সেগুলো হলো- ইসলামী ঐক্য জোট, গণতন্ত্রী পার্টি, গণফ্রন্ট, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), জাতীয় গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), বাংলাদেশ মুসলিম লীগ (বিএনএল) ও বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি)।

তালিকায় থাকা অন্যান্য ক্ষুদ্র দলগুলো নগণ্য পরিমাণ ভোট পেলেও (যেমন ০.০১% বা ০.০২%) উপরোক্ত ১০টি দল শতাংশের হিসেবে পূর্ণ শূন্যের ঘরে রয়েছে।

কেমন করল বাম দলগুলো

এবার বামপন্থী ১০ দল ‘গণতান্ত্রিক যুক্তফ্রন্ট’ করে নির্বাচনে অংশ নেয়। জোটের শরিক দলগুলোর মধ্যে চারটি নির্বাচন কমিশনে নিবন্ধিত। এর মধ্যে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) কাস্তে প্রতীকে ৬৩ আসনে প্রার্থী দিয়ে পেয়েছে শূন্য দশমিক ০৮ শতাংশ ভোট। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মই প্রতীকে ৩৬ আসনে লড়ে পেয়েছে শূন্য দশমিক ০৫ শতাংশ ভোট। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ মার্কসবাদী) কাঁচি প্রতীকে ৩৩ আসনে ভোট পেয়েছে শূন্য দশমিক ০২ শতাংশ। আর বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ) ১৫ আসনে প্রার্থী দিলেও ভোট পেয়েছে শূন্য দশমিক ০২ শতাংশ।

গণতান্ত্রিক যুক্তফ্রন্টের ১৪৭ প্রার্থী মোট শূন্য দশমিক ১৭ শতাংশ ভোট পেয়েছেন। সবচেয়ে বেশি ভোট পেয়েছেন বরিশাল-৫ আসনে বাসদের প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী ২২ হাজার ৪৮৬। জামানত হারালেও এই আসনে তিনি মই প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে তৃতীয় হয়েছেন।

বরিশাল-৫ আসনে মোট ভোট পড়েছে ২ লাখ ৬২ হাজার ৪৭০টি। এর মধ্যে বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ার ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩৫ হাজার ১৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি ফয়জুল করীম পেয়েছেন ৯৫ হাজার ৪৪ ভোট।

নির্বাচন কমিশনের (ইসি) পরিপত্র অনুযায়ী, কোনো প্রার্থী সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় প্রদত্ত মোট ভোটের আট ভাগের এক ভাগের কম পেলে তাঁর জামানত বাজেয়াপ্ত হয়। এই হিসাবে মনীষা চক্রবর্তীর প্রয়োজন ছিল ৩২ হাজার ৮০৮ ভোট। কিন্তু তা অর্জন করতে ব্যর্থ হয়েছেন।

এর বাইরে জোনায়েদ সাকির গণসংহতি আন্দোলন মাতাল প্রতীকে ১৭ আসনে পেয়েছে শূন্য দশমিক ১৪ শতাংশ ভোট। বিএনপি জোটের সমর্থন পেয়ে জোনায়েদ সাকি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বিএনপি জোটের আরেক শরিক বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কোদাল প্রতীকে ৭ আসনে পেয়েছে শূন্য দশমিক ০৪ শতাংশ ভোট। দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক ঢাকা-১২ আসনে বিএনপির সমর্থন পেলেও বিজয়ী হতে পারেননি। গণফ্রন্ট মাছ প্রতীকে ৫ আসনে অংশ নিলেও শূন্য শতাংশের ঘরে রয়েছে। আ স ম আবদুর রবের জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ২৮ আসনে পেয়েছে শূন্য দশমিক ০৪ শতাংশ ভোট।

Ad 300x250

সম্পর্কিত