বিএনপির দুই মাসেই ভবিষ্যৎ কেমন হবে জনগণ বুঝেছে : মঞ্জু

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ০২ মে ২০২৬, ১৭: ২৬
এবি পার্টির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে কথা বলছেন দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। ছবি: সংগৃহীত

বিএনপি রাষ্ট্র মেরামত করবে নাকি আগের মতোই চলবে, গত ৬০ দিনেই জনগণ তা বুঝেছে বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। শনিবার (২ মে) রাজধানীর বিজয়-৭১ চত্বরে দলের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

মজিবুর রহমান মঞ্জু বলেন, বিএনপি কি আগের মতোই দলীয়করণ, দুর্নীতি ও স্বেচ্ছাচারী কায়দায় সরকার চালাবে নাকি ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র মেরামত করবে, তা দুই মাসেই জনগণ বুঝেছে।

মঞ্জু আরও বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন, সিটি করপোরেশন ও জেলা পরিষদে দলীয় প্রশাসক নিয়োগ এবং বিসিবিতে মন্ত্রীদের সন্তানদের দিয়ে বোর্ড গঠন করার মাধ্যমে পুরোনো দলীয়করণের চিত্রই ফুটে উঠছে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান দখলের মহড়া এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠেছে। গত দুই মাসে ৪১ হাজার কোটি টাকার ঋণ এবং তীব্র জ্বালানি সংকটই বলে দিচ্ছে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা কী।’

বিএনপির এক নেতার সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে মঞ্জু বলেন, ‘কেবল নির্বাচনের জন্য ছলচাতুরীর আশ্রয় নিয়ে সংস্কারের কথা বলা লজ্জাজনক। আমরা এই পুরোনো ধ্যানধারণা হটিয়ে বৈষম্যহীন ও সেবাভিত্তিক নতুন রাজনীতির বন্দোবস্ত চাই।’

সমাবেশে দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, রাজপরিবারের বাইরে বিকল্প নেতৃত্ব সময়ের দাবি।

অন্যদিকে সিনিয়র ভাইস চেয়ারম্যান ডা. আব্দুল ওহাব মিনার বলেন, কোনো ফ্যাসিবাদী শক্তি এবি পার্টিকে দমাতে পারবে না। আমরা জনগণের অধিকার আদায়ে রাজপথে ছিলাম এবং থাকব।

দলের যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইনের সঞ্চালনায় সমাবেশে অ্যাডভোকেট গোলাম ফারুক ও ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূঁইয়াসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে বিজয়-৭১ চত্বর থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে পল্টন মোড়, নাইটিংগেল ও কাকরাইল মোড় প্রদক্ষিণ করে আইডিইবি ভবনের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বীর মুক্তিযোদ্ধা ও জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরাও অংশ নেন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত