ব্যক্তির ‘মহিমান্বিত’ ভাবমূর্তি সৃষ্টি ফ্যাসিবাদের পূর্বাভাস: রাশেদ প্রধান

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০১ জুন ২০২৬, ১৯: ৪৮
বক্তব্য দিচ্ছেন জাগপা সহ-সভাপতি রাশেদ প্রধান। সংগৃহীত ছবি

বিএনপি সরকারের প্রথম ১০০ দিনকে ব্যর্থতার দলিল হিসেবে অভিহিত করেছেন জাগপা সহ-সভাপতি রাশেদ প্রধান। তাঁর দাবি, সরকারের ঊর্ধ্বে উঠে প্রধানমন্ত্রীর পজিটিভ ভাবমূর্তি সৃষ্টির চেষ্টা ফ্যাসিবাদী চরিত্রের পূর্বাভাস। নয়টি সুনির্দিষ্ট খাতে তিনি সরকারের কঠোর সমালোচনা করেন।

আজ সোমবার (১ জুন) বিকেলে পল্টনে দলীয় কার্যালয়ের শফিউল আলম প্রধান মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত ‘বিএনপি সরকারের ১০০ দিন ও জনগণের প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জাগপার সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেন, ‘অতীতে আমরা দেখেছি, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিতর্কের ঊর্ধ্বে রেখে, তাঁর একটি "মহিমান্বিত" ভাবমূর্তি তৈরি করে আওয়ামী সরকার সব ধরনের অপকর্মে লিপ্ত হতো। তৎকালীন কালচারাল ফ্যাসিস্ট এবং মিডিয়া ন্যারেটিভ এমনভাবে তৈরি করা হতো যেন—আওয়ামী লীগের নেতা-কর্মীদের দোষ থাকতে পারে, কিন্তু শেখ হাসিনা নিষ্পাপ! আজ ঠিক একই ধরনের দৃশ্যপট তৈরি করা হচ্ছে। দলগত বা সরকারের ঊর্ধ্বে উঠে ব্যক্তি প্রধানমন্ত্রী তারেক রহমানের এমন পজিটিভ ভাবমূর্তি সৃষ্টির চেষ্টা মূলত ফ্যাসিবাদী চরিত্রের পূর্বাভাস।’

জাগপা মুখপাত্র আরও বলেন, ‘বিএনপি সরকারের ১০০ দিনের এই খতিয়ান আসলে প্রাপ্তির খতিয়ান নয়, এটি বেইমানি আর ব্যর্থতার এক নির্মম দলিল। আমরা একটি স্বাধীন, সার্বভৌম ও ইনসাফের নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছিলাম, তা আজ ম্লান হতে বসেছে। কিন্তু আমরা দমে যাওয়ার পাত্র নই। জনগণের অধিকার আদায়ে আমাদের সংগ্রাম চলবেই।’

বিএনপি সরকার প্রথম ১০০ দিনে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে উল্লেখ করে রাশেদ প্রধান নয়টি বিষয়ে সরকারের তীব্র সমালোচনা করেন। সরকার গঠনের পর বিএনপি জুলাই শহীদদের সঙ্গে গাদ্দারি করেছে জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রকাঠামো সংস্কার, বাজার নিয়ন্ত্রণ ও মূল্যস্ফীতি রোধে সরকার ব্যর্থ হয়েছে। এ ছাড়া জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতের অব্যবস্থাপনা এবং মূল্যবৃদ্ধি ঘটেছে। শেয়ারবাজারে ধস ও বিনিয়োগকারীদের মধ্যে হাহাকার তৈরি হয়েছে। এ সময়ে স্বাস্থ্য খাতে বিপর্যয় নেমে এসেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটেছে। দলীয়করণের মাধ্যমে দেশজুড়ে প্রশাসনিক দখলদারিত্ব সৃষ্টি করা হয়েছে। অন্যদিকে প্রথম শতদিনে সরকারের নতজানু পররাষ্ট্রনীতি ও কূটনৈতিক ব্যর্থতা প্রকাশ পেয়েছে বলেও তিনি দাবি করেন।

এ সময় উপস্থিত ছিলেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, সাংগঠনিক সম্পাদক মো. আকরাম হোসেন, সহসাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু এবং শ্রমিক জাগপা সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন প্রমুখ।

সম্পর্কিত