জেলা-উপজেলার শূন্য পদ পূরণের সিদ্ধান্ত, জাতীয় কাউন্সিলের আলোচনা হয়নি
স্ট্রিম প্রতিবেদকঢাকা

জেলা ও উপজেলা পর্যায়ে বিএনপির বিভিন্ন কমিটিতে মৃত্যু, বহিষ্কারসহ নানা কারণে শূন্য হওয়া পদগুলো দ্রুত পূরণের সিদ্ধান্ত নিয়েছে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। তবে এই বৈঠকে জাতীয় কাউন্সিল নিয়ে সভায় কোনো আলোচনা হয়নি।
শনিবার রাতে জাতীয় স্থায়ী কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
রুহুল কবির রিজভী বলেন, দলের বিভিন্ন কমিটিতে অনেকে মারা গেছেন। আবার কেউ কেউ নানা কারণে দল থেকে বহিষ্কৃত হয়েছেন বা বর্তমানে দলের সঙ্গে নেই। ফলে এসব জায়গায় পদ শূন্য হয়েছে। দলীয় গঠনতন্ত্রের বিধান অনুযায়ী এসব শূন্য পদ পূরণের ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, কোনো পদ শূন্য হলে তার অব্যবহিত নিচের পদে থাকা নেতাকে পদোন্নতি দিয়ে ওই দায়িত্ব দেওয়া যায় কি না, গঠনতন্ত্রের বিধান অনুযায়ী তা বিবেচনা করা হবে।
এদিকে সভায় ডেঙ্গু পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের বিষয়ে আলোচনা এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়।
রিজভী জানান, ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে ঢাকাসহ সারা দেশে প্রচারপত্র বিতরণ করবে বিএনপি। দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে প্রচারপত্র তৈরি করা হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম, রেডিও ও টেলিভিশনে ডেঙ্গু সচেতনতামূলক প্রচার চালানোর উদ্যোগ নেওয়া হবে।
স্কুল, কলেজ, মাদ্রাসা ও হাটবাজারে আবর্জনা জমে অ্যাডিস মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সচেতন করার সিদ্ধান্ত হয়েছে। প্রয়োজন হলে এসব কার্যক্রম দলীয়ভাবে পর্যবেক্ষণ করা হবে বলেও জানান রিজভী।
সভায় আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিতব্য শূন্য সংসদীয় আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী বাছাইয়ের সময়সূচিও নির্ধারণ করা হয়। আগামী ১৫ সেপ্টেম্বর দলীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ এবং ১৬ সেপ্টেম্বর তা জমা দিতে হবে। ১৮ সেপ্টেম্বর জাতীয় স্থায়ী কমিটির সভায় মনোনয়ন বোর্ড হিসেবে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হবে।
এর আগে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বৈঠকটি শুরু হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান, বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস, ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বেগম সেলিমা রহমান, আমানউল্লাহ আমান, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং ইসমাইল জবিহউল্লাহ।




-28cff9-256x144.webp)


