৬৩ বিদেশির বাংলাদেশি সহযোগী গ্রেপ্তার

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
চট্টগ্রাম

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৩: ৪৯
গ্রেপ্তার মোহসিন। সংগৃহীত ছবি
গ্রেপ্তার মোহসিন। সংগৃহীত ছবি

চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিকের পাসপোর্ট জমা রাখার ঘটনায় আলোচনায় আসা মোহাম্মদ মহসিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টম্বর) নগরের খুলশী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য, ৬৩ বিদেশি নাগরিকের সঙ্গে মহসিনের সরাসরি সম্পর্ক রয়েছে। তাঁদের জন্য নগরের খুলশীতে আটতলা একটি ভবন ভাড়া করে দিয়েছিলেন তিনি। ওই বিদেশি নাগরিকদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা হওয়ার পর তাঁর সংশ্লিষ্টতার বিষয়টি সামনে আসে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বিকেল পাঁচটায় বলেন, মহসিনের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। তিনি নগরের কর্ণফুলী এলাকার একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা। ৬৩ বিদেশি নাগরিকের সঙ্গে তাঁর কী ধরনের সম্পর্ক ছিল এবং তাঁদের কর্মকাণ্ডে মহসিনের ভূমিকা কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, মহসিনের পেছনে আরও কেউ রয়েছে কি না, সেটিও শনাক্তের চেষ্টা চলছে।

পুলিশ জানায়, কয়েক দিন আগে কুরিয়ারের মাধ্যমে ১১৮ গ্রাম কোকেন ঢাকায় এক ব্যক্তির কাছে পাঠিয়েছিলেন মহসিন। পরে কোকেনের চালানটি ফেরত আসে। ওই ঘটনায় তথ্য অনুসন্ধান করতে গিয়ে ৬৩ বিদেশি নাগরিকের অবস্থান ও তাঁদের সঙ্গে মহসিনের যোগাযোগের বিষয়টি পুলিশের নজরে আসে।

এ ঘটনায় করা কোকেনের মামলায় শনিবার সন্ধ্যায় মহসিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি আবদুর রহিম বলেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা গেলে ৬৩ বিদেশি নাগরিকের সঙ্গে মহসিনের সম্পর্ক, তাঁদের কর্মকাণ্ড এবং এর পেছনে থাকা অন্যদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত