অজি বধ বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় জয়: শান্ত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ভিডিও থেকে নেওয়া ছবি

ডারউইন টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়কে যেকোনো ফরম্যাটে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় অর্জন বলে অভিহিত করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ‘অবশ্যই যেকোনো সংস্করণে এটিই বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় জয়। ভবিষ্যতে আমরা আরও বিশেষ কিছু করব।’

তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমের সেঞ্চুরির প্রশংসা করে শান্ত বলেন, ‘হোয়াইট বল বা সীমিত সংস্করণের ক্রিকেটে সে সব সময় আক্রমণাত্মক খেলে। কিন্তু এই টেস্টে সে নিজের চরিত্র দেখিয়েছে, খুব শান্ত থেকে বলের মান বিচার করে খেলেছে। টপ অর্ডার ব্যাটার হিসেবে দলের জন্য যে প্রভাব ফেলা দরকার, সে এই ম্যাচে ঠিক সেটাই করে দেখিয়েছে।’

পেস বোলারদের সাম্প্রতিক উন্নতি নিয়ে শান্ত বলেন, ‘এটি বাংলাদেশ টেস্ট ক্রিকেটের সবচেয়ে বড় পরিবর্তন। পাঁচ-ছয় বছর আগেও পেস বোলাররা টেস্ট খেলতে চাইত না, কারণ আমরা যথেষ্ট খেলার সুযোগ পেতাম না। কিন্তু গত দুই-তিন বছর ধরে অনেক টেস্ট খেলছি এবং আমরা এই ফরম্যাটকে গুরুত্ব দিচ্ছি। দলে থাকা সিনিয়র খেলোয়াড়রা তরুণদের টেস্টে ভালো করতে অনেক উৎসাহিত করেন।’

ম্যাকাইতে পরের টেস্ট প্রসঙ্গে শান্ত জানান, ডারউইনের মতো সেখানেও সেশন বাই সেশন পাঁচ দিন ভালোভাবে খেলতে চায় বাংলাদেশ।

অন্যদিকে হারের পর নিজেদের ভুল স্বীকার করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তিনি বলেন, ‘কোনো অজুহাত নেই, বাংলাদেশ সত্যিই খুব ভালো খেলেছে। তারা সব বিভাগেই আমাদের হারিয়েছে। একবার পিছিয়ে পড়ার পর আর ম্যাচে ফিরতে পারিনি আমরা।’

প্রথম দিনের ব্যাটিং বিপর্যয়কে হারের মূল কারণ হিসেবে চিহ্নিত করে কামিন্স বলেন, আমাদের আরও লম্বা সময় ব্যাটিং করা উচিত ছিল। পরের টেস্টে এসব ভুল শুধরে ঘুরে দাঁড়ানোর আশা প্রকাশ করেন কামিন্স।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

অজি বধ বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় জয়: শান্ত